জনগণের কল্যাণ সাধনে মহাজোট সরকার ক্ষমতায় এসেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান বলেছেন, এ দেশের গরিব-দুঃখী জনগণের কল্যাণ সাধনের জন্য মহাজোট সরকার ক্ষমতায় এসেছে, বিগত সরকারের মতো নিজেদের পকেট ভর্তি করার জন্য নয়। সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।প্রশাসনিক কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, স্কুলগামী ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দিয়ে, সারের দাম কৃষকদের নাগালে রেখে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে বর্তমান সরকার জনসাধারণের আস্থার প্রতিদান দিতে সক্ষম হয়েছে। তিনি বলেন, বিশ্বনাথে কৃষি ও কৃষকদের উন্নয়নে শিগগিরই বাসিয়া নদী পুনঃখননের কাজ শুরু হবে। বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সাংসদ শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। আমার কাজ হচ্ছে এই এলাকার মাটি ও মানুষের উন্নয়ন ও সেবা করা।’ বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী শেখ নূরে আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজম্মিল আলী, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক প্রমুখ বক্তব্য দেন।