জনগণের কল্যাণে কাজ করতে পদোন্নতিপ্রাপ্ত ডিআইজিদের প্রতি আইজিপির আহ্বান
মেধা ও যোগ্যতার সর্বোচ্চ প্রয়োগ ঘটিয়ে দেশ ও জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করতে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশের উপমহাপরিদর্শকদের (ডিআইজি) প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। রোববার বিকেলে পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে পদোন্নতিপ্রাপ্ত ডিআইজিদের র্যাঙ্ক ব্যাজ পরিধান অনুষ্ঠানে এ আহ্বান জানান আইজিপি।
এ সময় বেনজীর আহমেদ ডিআইজিদের উদ্দেশে বলেন, ‘সরকার ও সংগঠন হিসেবে বাংলাদেশ পুলিশ আপনাদের অনেক দিয়েছে। এখন আপনাদের শুধু দেওয়ার পালা।’
অনুষ্ঠানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক মাহবুবুর রহমান ছাড়াও পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে মো. মোজাম্মেল হক ও সৈয়দ নূরুল ইসলাম বক্তব্য দেন। অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১১ মে অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার ৩২ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে উপমহাপরিদর্শক (ডিআইজি) করার প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।