জনগণের কল্যাণে মেধা কাজে লাগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশের এবং দেশের জনগণের কল্যাণে মেধা, জ্ঞান ও দক্ষতা কাজে লাগানোর জন্য প্রাক্তন ক্যাডেটদের প্রতি আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্রপতি গতকাল শনিবার সিলেট ক্যাডেট কলেজে আয়োজিত ওল্ড ক্যাডেট অ্যাসোসিয়েশন অব সিলেটের (ওকাস) সপ্তম পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা বলেন। খবর বাসসের।
রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশের ক্যাডেট কলেজগুলোকে শিক্ষার আদর্শ স্থান হিসেবে উল্লেখ করে শিক্ষার্থীদের সুপ্ত মেধা বিকাশে নিয়মিত শিক্ষা কর্মকাণ্ডের পাশাপাশি নিয়মিত পাঠ্য কার্যক্রম-বহির্ভূত কর্মকাণ্ড পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রপতি বলেন, ‘আমি মনে করি, যাঁরা ক্যাডেট কলেজে লেখাপড়া করার সুযোগ পান, তাঁরা খুবই ভাগ্যবান। আগ্রহ ও সামর্থ্য থাকা সত্ত্বেও কঠিন প্রতিযোগিতার কারণে অনেক শিক্ষার্থী ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায় না।’
রাষ্ট্রপতি ক্যাডেটদের উদ্দেশে বলেন, ‘আপনাদের প্রতি জাতির প্রত্যাশা হচ্ছে যে দেশের শ্রেষ্ঠ সন্তান হিসেবে আপনাদের মেধা, জ্ঞান ও দক্ষতা কাজে লাগানোর মাধ্যমে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে আপনারা অব্যাহতভাবে কাজ করে যাবেন।’ রাষ্ট্রপতি ‘ভিশন-২০২১ এবং ২০৪১’ বাস্তবায়নে ভূমিকা রাখতে অ্যাসোসিয়েশনের সদস্যদের প্রতি আহ্বান জানান।
সিলেট ক্যাডেট কলেজের অধ্যক্ষ কমান্ডার মো. সাইফুর রহমান এবং ওকাস সভাপতি শাহনুর আলম অনুষ্ঠানে বক্তব্য দেন।
রাষ্ট্রপতি ক্যাডেটদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধের একটি ডিসপ্লে প্রত্যক্ষ করেন। তিনি অনুষ্ঠানে একটি কেকও কাটেন। রাষ্ট্রপতি এর আগে হজরত শাহজালাল (রহ.) এবং হজরত শাহ পরানের (রহ.) মাজার পরিদর্শন করেন।