স্বদেশ প্রত্যাবর্তন দিবসে দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছার জবাবে ১৫ আগস্টের মর্মন্তুদ ঘটনা এবং এর পরবর্তী দুঃসহ স্মৃতির কথা বলতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার চাওয়া-পাওয়ার কিছু নেই, হারাবারও ভয় নেই। বাংলাদেশের মানুষ আমাকে যে মর্যাদা ও ভালোবাসা দিয়েছে, তাদের কল্যাণে যেকোনো ত্যাগ স্বীকার করতে আমি প্রস্তুত।’
গতকাল রোববার রাতে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাসহ সর্বস্তরের মানুষ তাঁকে শুভেচ্ছা জানাতে যান। স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় মঞ্চে সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় কমিটির অধিকাংশ নেতাই উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে দলের সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক ঘাত-প্রতিঘাত সহ্য করেই আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে, নীতি-আদর্শ নিয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আল্লাহ কিছু কাজ করার জন্য মানুষকে পাঠান। সেই কাজ আমি করে যাচ্ছি। দেশে ফেরার পর আমার ওপর বারবার আঘাত এসেছে, কিন্তু কখনো ঘাবড়াইনি, ভয় পাইনি। মানুষের কল্যাণে আমি যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। ভবিষ্যতে বাংলাদেশকে আর কেউ যাতে অন্ধকারের দিকে নিয়ে যেতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। আমি যেমন পরিবারের সবাইকে হারিয়েছি, আর যেন কেউ না হারান, আল্লাহর দরবারে সেই কামনাই করি।’
আবেগজড়িত কণ্ঠে প্রধানমন্ত্রী বলেন, ‘স্বামীর কর্মস্থলে যাওয়ার আগে বাড়িতে বাবা, মা, রাসেল, জামাল, কামাল সবাইকে রেখে গিয়েছিলাম। কিন্তু ফিরে এসে কাউকে আর পাইনি। মানুষ একজন স্বজন হারানোর বেদনা ভুলতে পারে না, কিন্তু আমাদের দুই বোনকে সব হারানোর বেদনা সয়েই চলতে হচ্ছে।’
স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন: বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল ঢাকাসহ সারা দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের কর্মসূচি শুরু হয়। সকালে ধানমন্ডি বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, যারা দেশকে পিছিয়ে দিতে চায়, তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
এ সময় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ উপস্থিত ছিলেন।