মতপার্থক্য দূর করে সেনাবাহিনী জনগণের কাছাকাছি থাকবে—এমন আকাঙ্ক্ষার কথা জানিয়ে জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, ‘পরস্পরের সমস্যা, আশা-আকাঙ্ক্ষা আমাদের বুঝতে হবে। আশা করি, ওনারাও (সেনাবাহিনী) তা-ই চান।’
গতকাল বুধবার রাঙামাটিতে সেনাবাহিনী আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সন্তু লারমা। অনুষ্ঠানে তিনি বলেন, একটা সময় সবাই মনে করত, জনগণের সঙ্গে সেনাবাহিনীর থাকা ঠিক নয়। কিন্তু এখন সেই ধারণার পরিবর্তন ঘটেছে। সেনাবাহিনী নানাভাবে দেশ ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে।
কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের মধ্যে সনদ বিতরণের জন্য রাঙামাটি সেনা রিজিয়নের প্রান্তিক অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল রিদওয়ান-আল-মাহমুদ। সভাপতিত্ব করেন রাঙামাটি জোনের অধিনায়ক লে. কর্নেল মালিক সামশুদ্দিন মো. মঈন। উপস্থিত ছিলেন রাঙামাটির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মোস্তফা জামান।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা বলেন, ‘সেনাবাহিনী নিয়মিত কার্যক্রমের পাশাপাশি জনকল্যাণে অবদান রেখে চলেছে। সারা বিশ্বে এখন এটাই চলছে। এমন কার্যক্রম শুধু আমার কাছে নয়, সব নেতা ও শিক্ষিত সমাজের কাছে গ্রহণযোগ্য।’
সেনাবাহিনী আেয়াজিত কোনো অনুষ্ঠানে এটিই সন্তু লারমার প্রথম বক্তৃতা বলে তাঁর ব্যক্তিগত সহকারী বরুণ চাকমা জানিয়েছেন।
রিদওয়ান-আল-মাহমুদ বলেন, সেনাবাহিনী দীর্ঘদিন ধরে মানবসম্পদ উন্নয়নকাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। সামাজিক দায়বদ্ধতা ও দেশের উন্নয়নে জনগণকে নানা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা।
মালিক সামশুদ্দিন মো. মঈন জানান, সেনাবাহিনী পরিচালিত ডটকম কম্পিউটার সেন্টার ২০১২ সাল থেকে স্থানীয় তরুণ-তরুণীদের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। এ ছাড়া তরুণীদের সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
অনুষ্ঠানে সেনাবাহিনীর রাঙামাটি জোন ও কাউখালীর দুটি কেন্দ্রে ১৬৮ জন কম্পিউটার ও ৪০ জন সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীকে সনদ দেওয়া হয়েছে।