তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, ‘তথ্যনির্ভর সমাজ গড়তে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার তাই গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। আমরা মনে করি, গণমাধ্যমের দায়বদ্ধতা জনগণের কাছে। জনগণের কথা চিন্তা করেই আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করা উচিত। এর মাধ্যমে দেশ ও জনগণ এগিয়ে যাবে।’গতকাল সোমবার রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এবিসি রেডিওর তৃতীয় বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ কথা বলেন। তথ্যমন্ত্রী অনুষ্ঠানে এবিসি রেডিওর নতুন লোগো উন্মোচন করেন। এ ছাড়া তিনি এবিসির নতুন ওয়েবসাইট (http://abcradiobd.fm/) উদ্বোধন করেন।তথ্যমন্ত্রী দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির কথা চিন্তা করে সংবাদ পরিবেশন করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা চাই গণমাধ্যম সরকারের যৌক্তিক সমালোচনা করুক, যা সরকার, দেশ ও জাতির উপকারে আসে।’ অনুষ্ঠানে এবিসি রেডিওর পরিচালনা পরিষদের চেয়ারম্যান লতিফুর রহমান বলেন, ‘সঠিক ও তথ্যনির্ভর সংবাদ সকলের কাছে পৌঁছাবে এটাই আমাদের চাওয়া।’ পরিচালনা পরিষদের পরিচালক ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, সংবাদ হতে হবে বস্তুনিষ্ঠ, স্বাধীন ও দলনিরপেক্ষ। এবিসি রেডিও এই নীতিতে বিশ্বাস করে। তিনি বলেন, ‘এফএম রেডিওগুলোর মধ্যে এবিসি সবচেয়ে নবীন। কিন্তু সবচেয়ে জনপ্রিয়। ভাষার কোনো রকম বিকৃতি ছাড়াই এবিসি চলে। এভাবে আমাদের মাতৃভাষা রক্ষা করতে চাই।’এবিসির বার্তা ও অনুষ্ঠান প্রধান সানাউল্লাহ বলেন, ‘এবিসি শুরু থেকেই তার চলনে বলনে একটি কথাই বলে, তা হলো বাংলার আওয়াজ। আমরা ভবিষ্যতেও এ চেতনায় চলব।’ অনুষ্ঠানে বিভিন্ন দৈনিক পত্রিকার সম্পাদক, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, সরকারি ও বেসরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়েই ছিল শব্দের খেলা। অনুষ্ঠান শেষে গান পরিবেশন করেন টুনটুন বাউল।