জনগণের ক্রয়ক্ষমতা বাড়াতে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলকারখানায় উৎপাদন ও কর্মদক্ষতা বাড়ানোর পাশাপাশি জনগণের ক্রয়ক্ষমতা বাড়াতে কাজ করতে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বিএবি) নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় তাঁরা গণভবনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদানের চেক হস্তান্তর করতে গেলে তিনি এ আহ্বান জানান। খবর বাসসের।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকন বলেন, বিএবির অধীন বেসরকারি খাতের ৩৪টি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকেরা প্রধানমন্ত্রীর কাছে অনুদানের চেক হস্তান্তর করেন।

চেক গ্রহণ করে প্রধানমন্ত্রী বলেন, এ অনুদানের অর্থ দুস্থ ও গরিব জনগণের সহায়তায় ব্যয় করা হবে। তিনি বলেন, তাঁর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে রানা প্লাজা ও তাজরীন গার্মেন্টস কারখানার ক্ষতিগ্রস্ত শ্রমিক এবং বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার ব্যক্তিদের সহায়তা দেওয়া হয়েছে।

নেপালের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা: ইউএনবি জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল এক বার্তায় নেপালের নতুন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলিকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেন, নেপালের নতুন নেতা উভয় দেশের মধ্যে এক হৃদ্যতাপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠায় এগিয়ে আসবেন।