জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী ছিলেন চীনের বিপ্লবী নেতা দেং শিয়াও পিং
চীনকে একটি শক্তিশালী দেশে রূপান্তরের স্বপ্ন ছিল দেশের বিপ্লবী নেতা দেং শিয়াও পিংয়ের। তাই জনগণকে দিয়ে পরিচালিত জনগণের ক্ষমতায়নে তিনি বিশ্বাসী ছিলেন। বাস্তব পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে ভবিষ্যতের পথে কীভাবে এগোতে হবে, সেটিতে তিনি মনোযোগী ছিলেন।
দেং শিয়াও পিংয়ের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার ঢাকায় আয়োজিত এক আলোচনা সভায় চীনের রাষ্ট্রদূত মা মিংচিয়াং এ মন্তব্য করেন। দেং শিয়াও পিং অধ্যয়ন কেন্দ্র, বাংলাদেশ এ আলোচনার আয়োজন করে।
সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ দেলওয়ার হোসেন আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সঞ্চালনা করেন সংগঠনের সদস্যসচিব মিজানুর রহমান।
ঢাকায় চীনের রাষ্ট্রদূত মা মিংচিয়াং বলেন, চীনকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য আমৃত্যু কাজ করেছেন দেং শিয়াও পিং। বারবার নানা প্রতিকূলতার পরও লক্ষ্যে তিনি অবিচল ছিলেন। চীনের বিপুল জনগোষ্ঠীকে বাস্তবতা হিসেবে মেনে নিয়ে কীভাবে ভবিষ্যতে এগোনো যায়, সে জন্য তিনি কাজ করে গেছেন। তিনি প্রযুক্তি, বিনিয়োগ, ব্যবস্থাপনা ও ব্যবসা এ বিষয়গুলোতে গুরুত্ব দিয়েছেন। উন্নয়নের স্বার্থে তিনি অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন।
মা মিংচিয়াং বলেন, পশ্চিমা বিশ্বের অর্থনৈতিক অগ্রযাত্রা যেখানে ১০০ বছরের, চীনের উন্নতি গত তিন দশকের। চীনের এই উন্নতি থেকে বাংলাদেশ শিক্ষা নিতে পারে।
বিশিষ্ট সাংবাদিক আমানুল্লাহ কবীর বলেন, ভূ-রাজনৈতিক অবস্থানের কারণে বাংলাদেশ ও চীনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ভারত ও চীনের মতো দুই উদীয়মান শক্তির মাঝখানে বাংলাদেশের অবস্থান। এ ধরনের পরিস্থিতিতে প্রতিবেশীর সঙ্গে প্রতিযোগিতায় টিকে না থাকলে পিছিয়ে পড়তে হয়। তাই নিজেদের স্বার্থে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণ করা বাঞ্ছনীয়।
আলোচনায় আরও অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হারুনুর রশীদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব নঈম জাহাঙ্গীর প্রমুখ।