অবিলম্বে যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর ও চলমান সহিংসতা বন্ধের দাবি জানানো হয়েছে চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের আলোচনা সভায়। গতকাল বৃহস্পতিবার চেরাগী পাহাড় মোড়ে গণজাগরণ মঞ্চের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় শহীদজায়া বেগম মুশতারী শফী বলেন, দেশ ক্ষত-বিক্ষত হচ্ছে। পুড়িয়ে মানুষ মারা হচ্ছে। জনগণ কী চায়, সরকারকে তা শুনতে হবে। মানুষ শান্তি চায়। তিনি বলেন, সরকার কেন জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করছে না? দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের পুষে রাখা হয়েছে। যত দিন দেশে শান্তি ফিরবে না, প্রতিটি মানুষ নিরাপত্তা পাবে না, তত দিন গণজাগরণ মঞ্চের আন্দোলন চলবে।
গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিপিবির চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শাহ আলম, কবি ও সাংবাদিক আবুল মোমেন, মঞ্চের সদস্যসচিব চিকিৎসক চন্দন দাশ, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মুক্তিযুদ্ধ গবেষক মাহফুজুর রহমান, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক সাইফুদ্দিন খালেদ, বাসদের চট্টগ্রাম শাখার সমন্বয়ক মহিন উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বাঁচানো আর জিঙ্গবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করা জামায়াতের লক্ষ্য। বাংলাদেশের গণতান্ত্রিক বিকাশের সম্ভাবনায় তারা আঘাত করছে। সাম্প্রদায়িকতা, সহিংসতা ও যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আন্দোলন চলবে বলে তাঁরা জানান।
সাংস্কৃতিক পরিবেশনায় ছিল চট্টগ্রাম সাংস্কৃতিক ইউনিয়ন, খেলাঘর চট্টগ্রাম মহানগর, বোধন আবৃত্তি পরিষদ, প্রমা আবৃত্তি সংগঠন, উদীচী শিল্পীগোষ্ঠী ও রক্তকরবীর শিল্পীরা।