জনগণের চূড়ান্ত রায়ের আগে রামপালের বিদ্যুৎকেন্দ্র নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশগত প্রভাব নিরূপণ (ইআইএ)-সংক্রান্ত প্রতিবেদনের বিষয়ে জনগণের চূড়ান্ত রায়ের আগে রামপালের বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সব কাজ বন্ধ করতে হবে। গতকাল মঙ্গলবার তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির এক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।রাজধানীর মুক্তি ভবনে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ। মতবিনিময় সভায় রামপালের বিদ্যুৎকেন্দ্রের ইআইএর বিশ্লেষণ নিয়ে লিখিত বক্তব্য পড়ে শোনান কল্লোল মোস্তফা। সভায় বলা হয়, সুন্দরবনের কাছে রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের স্থান চূড়ান্তকরণ, জমি অধিগ্রহণ, বিদ্যুৎকেন্দ্রের জন্য চুক্তি সই সব কাজ শেষ হওয়ার পর এ ধরনের সমীক্ষা পরিচালনা ও তার জন্য জনগণের মতামত চাওয়াটা হাস্যকর। ওয়েবসাইটে দেওয়া ইংরেজিতে ৭০০ পৃষ্ঠার প্রতিবেদন সম্পর্কে মতামত চাওয়ার মানে অধিকাংশ মানুষকে না জানিয়ে প্রতিবেদন চূড়ান্ত করা। মতবিনিময় সভায় বক্তারা পুরো প্রতিবেদন বাংলায় তৈরি করে ব্যাপক প্রচার এবং জনগণের মাঝে আলোচনা ও মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। এতে বক্তব্য দেন জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ, বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন, সিপিবির নেতা রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাগিব আহসান মুন্না প্রমুখ। বিজ্ঞপ্তি।