জনগণের জানমালের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, ‘ফ্যাসিবাদী শাসনে গণতন্ত্র আজ নির্বাসিত। রাষ্ট্রের প্রধানমন্ত্রী, সাংসদসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লেও তৈরি পোশাকসহ বেসরকারি খাতের সংখ্যাগরিষ্ঠ শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়েনি। অথচ নতুন বেতনকাঠামো পাস হওয়ার সঙ্গে সঙ্গে জনগণের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও সরকার গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়িয়ে জনদুর্ভোগ সৃষ্টি করছে। এর সঙ্গে রাষ্ট্রীয়, দলীয়, গোষ্ঠী, ব্যক্তি সন্ত্রাস পাল্লা দিয়ে বেড়ে চলছে। জনগণের জানমালের নিরাপত্তা দিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ।’
নারায়ণগঞ্জে গতকাল শুক্রবার বাসদের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লবের ৯৮তম বার্ষিকী উপলক্ষে এক জনসভায় খালেকুজ্জামান এসব কথা বলেন। বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখা ওই সভার আয়োজন করে।
বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখা সূত্র জানায়, নগরের চাষাঢ়া শহীদ মিনারে বিকেলে ওই জনসভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সমন্বয়ক নিখিল দাস। বক্তব্য দেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম প্রমুখ।
খালেকুজ্জামান বলেন, একের পর এক গুম, হত্যার বিচার না হওয়ায় জনগণ হতাশ। বিচারহীনতার সংস্কৃতির কারণেই নিহত প্রকাশক দীপনের বাবা রাষ্ট্রের কাছে বিচার না চাওয়ার কথা বলেছেন। মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া সম্পন্ন ও কার্যকর করার প্রতি জোর দিয়ে তিনি বলেন, যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীকেও নিষিদ্ধ করতে হবে। যুদ্ধাপরাধীদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে ’৭১-এর মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিতে হবে।
সভায় অন্য বক্তারা নারায়ণগঞ্জে গ্যাস-সংকট নিরসন, ত্বকী-চঞ্চলসহ সব হত্যাকাণ্ডের বিচার, শীতলক্ষ্যাকে দূষণমুক্ত ও শীতলক্ষ্যা সেতু নির্মাণ, যৌক্তিক বাড়িভাড়া আইন কার্যকর, বাস-ট্রেনসহ সব গণপরিবহনে যৌক্তিক ভাড়া নির্ধারণ, যাত্রীসেবার মান বাড়ানো, ডিএনডির জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।