জনগণের টাকায় বেতন হয় তাদের সেবা দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, দেশের জনগণ শান্তি ও নিরাপদে থাকতে চায়। জনগণের শান্তিতে বসবাসের ক্ষেত্রে সহযোগিতা করতে হবে পুলিশকেই। জনগণের করের টাকায় পুলিশের বেতন-ভাতা হয়। তাই জনগণের সেবা দেওয়া পুলিশের দায়িত্ব ও কর্তব্য।
গতকাল মঙ্গলবার রংপুর পুলিশ লাইন মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন। রংপুর বিভাগের কমিউনিটি পুলিশ সদস্যদের নিয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।
কমিউনিটি পুলিশের রংপুর বিভাগীয় কমিটির প্রধান উপদেষ্টা ও রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবীরের সভাপতিত্বে সমাবেশে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নুর-উন-নবী, বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখ্ত, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, পুলিশ সুপার আবদুর রাজ্জাক, জেলা পরিষদ প্রশাসক মমতাজ উদ্দিন আহমেদ, কমিউনিটি পুলিশের বিভাগীয় কমিটির আহ্বায়ক আবদুস সালাম, সদস্যসচিব সুশান্ত ভৌমিক, জেলা কমিটির আহ্বায়ক সদরুল আলম প্রমুখ বক্তব্য দেন।
বিভাগের আট জেলা থেকে আগত কমিউনিটি পুলিশ সদস্য, পুলিশ সুপার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সমাবেশে অংশ নেন।