জনগণের দৃষ্টি সরাতে উইকিলিকস ও বিএনপি ভাঙার কাহিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন দাবি করেছেন, তাঁর দুর্নীতির কথা নিয়ে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস-সম্পর্কিত উইকিলিকসের তারবার্তা বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যমূলক। এ তারবার্তা বিরোধী দল ও নেতাদের ভাবমূর্তি বিনষ্ট করছে। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে খন্দকার মোশাররফ হোসেন দাবি করেন, তাঁর মন্ত্রণালয় ও নিজের বিরুদ্ধে বিগত জরুরি অবস্থার সরকার কোনো দুর্নীতি খুঁজে পায়নি। হ্যারি কে টমাস এখন ঢাকায় থাকলে এ কথিত তারবার্তা অস্বীকার করতেন অথবা ভুল তথ্য পাঠানোর জন্য ক্ষমা চাইতেন। বিএনপির এ জ্যেষ্ঠ নেতা মন্তব্য করেন, বিরোধী দলের আন্দোলন প্রস্তুতির সময় উইকিলিকস ও বিএনপি ভাঙনের কল্পকাহিনি প্রচার করে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়া হচ্ছে। উল্লেখ্য, বিশ্বজুড়ে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস গত ৩০ আগস্ট বিশ্বজুড়ে মার্কিন দূতাবাসগুলোর পাঠানো আড়াই লাখ গোপন তারবার্তা ফাঁস করেছে। এতে বিশ্বের বহু দেশের সরকার, রাজনীতি ও অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে তথ্য রয়েছে, যার অনেকগুলোই স্পর্শকাতর।রুহুল কুদ্দুসের প্রতিবাদ: ‘জঙ্গি খামারুর মুক্তির ব্যবস্থা করেন তারেক’ শীর্ষক সংবাদটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার। উইকিলিকসের ফাঁস করা বার্তার ভিত্তিতে গতকাল প্রথম আলোতে এ খবরটি প্রকাশিত হয়। রুহুল কুদ্দুস বলেন, ‘সংবাদে বলা হয়েছে, জেএমবির নেতা খামারুকে মুক্তির জন্য আমি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে পরামর্শ দিয়েছি, যা মনগড়া ও বানোয়াট কাহিনি।’