জনগণের দোরগোড়ায় চক্ষু চিকিৎসা পৌঁছে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গ্রামাঞ্চলের জনগণ যাতে সহজ উপায়ে ও কম খরচে চোখের উন্নত চিকিৎসা পায়, তা নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। গতকাল শনিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে সার্ক একাডেমী অব অফথালমোলজির ১০ম দ্বিবার্ষিক সম্মেলন ও বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির (ওএসবি) ৩৮তম বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। খবর বাসসের।রাষ্ট্রপতি বলেন, বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা নগরকেন্দ্রিক। আমাদের নগরকেন্দ্রিক বিশেষজ্ঞ সেবা প্রথা থেকে বেরিয়ে আসতে হবে।ওএসবির সভাপতি প্রফেসর আভা হোসেন উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছির আলী, সার্ক একাডেমি অব অফথালমোলজির সভাপতি দাউদ খান ও মহাসচিব রাজবর্ধন আজাদ ও ওএসবির মহাসচিব শরফুদ্দিন আহমেদ অনুষ্ঠানে বক্তৃতা করেন।চার দিনব্যাপী এ সম্মেলনে বেশ কিছুসংখ্যক স্থানীয় চিকিৎসক ছাড়াও বিভিন্ন সার্ক সদস্য রাষ্ট্র থেকে আসা প্রায় ৭০ জন চক্ষুবিশেষজ্ঞ অংশগ্রহণ করছেন।