জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে চাই: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার জনগণের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। খবর বাসসের।প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় মহিলা ও শিশু হাসপাতাল বারডেম-২ ইউনিটের উদ্বোধনকালে এ কথা বলেন। নবনির্মিত এই হাসপাতালটি মহিলা ও শিশুদের চিকিৎসাসেবার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী ডায়াবেটিক সমিতিকে ধন্যবাদ জানিয়ে বলেন, একাগ্রতা, সততা, নিষ্ঠা এবং সুনির্দিষ্ট লক্ষ্য থাকলে যেকোনো ভালো কাজে সাফল্য পাওয়া যায়, বারডেমসহ ডায়াবেটিক সমিতির বিভিন্ন প্রকল্প এর উজ্জ্বল দৃষ্টান্ত। মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব তারিক-উল-ইসলাম। স্বাগত বক্তব্য দেন ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে দেখেন। প্রধানমন্ত্রী বলেন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এবং ডায়াবেটিক সমিতির পরিচালনায় ১০০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালে শুধু মহিলা ও শিশুদের চিকিৎসা দেওয়া হবে। তিনি বলেন, মূল বারডেম হাসপাতালটির অবস্থান কাছাকাছি হওয়ায় এই দুটি হাসপাতালের মধ্যে প্রয়োজনীয় যোগাযোগ রক্ষাও সহজ হবে।অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যদের প্রতি নির্দেশ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিপীড়িত ও বঞ্চিত মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন গণমুখী কর্মসূচি দ্রুত বাস্তবায়নে সর্বাত্মক আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী গতকাল সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪২২৫ সদস্যবিশিষ্ট বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক নৈশভোজের ভাষণে এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা জনগণের কল্যাণ নিশ্চিতকরণে নিয়োজিত সিভিল প্রশাসনের সদস্য এ কথা মনে রেখে সর্বাত্মক আন্তরিকতার সঙ্গে দায়িত্ব ও কর্তব্য পালন করুন।’ নৈশভোজে মন্ত্রিপরিষদ সচিব এম আবদুল আজিজ, অ্যাসোসিয়েশনের সভাপতি ও এলজিআরডি সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাধারণ সম্পাদক ও ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ মইনুদ্দীন আবদুল্লাহ এবং সদস্য বেগম কাওছার আজিজও বক্তব্য দেন।