জনগণের দোয়ায় চলে জামায়াত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ বলেছেন, জনগণের টাকা ও দোয়ায় জামায়াতে ইসলামী চলে। এ জন্য জামায়াত কখনো বিদেশিদের তাঁবেদারি করে না। গতকাল সোমবার জামায়াতের ঢাকা মহানগর কমিটি আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় মুজাহিদ এ কথা বলেন। ‘বিদ্যুত্ সংকটের সমাধান, বিনা টেন্ডারে বিদ্যুত্ প্লান্ট নির্মাণের চুক্তি করে দুর্নীতিকে অবাধ’ করার প্রতিবাদে মহানগর জামায়াতের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। মুজাহিদ দাবি করেন, ‘জামায়াত বিদেশি টাকায় চলে না। তাই কারও তাঁবেদারিও করে না। জামায়াত যদি বলে সরকার দেশ চালাতে ব্যর্থ, তবে জনগণও তা বিশ্বাস করে। কিন্তু সরকার জনগণের সামনে যেতে আমাদের বারবার বাধা দিচ্ছে।’মুজাহিদ দাবি করেন, ভারতের নির্দেশনা অনুযায়ীই সরকার যুদ্ধাপরাধীদের বিচারের জন্য উঠেপড়ে লেগেছে। ভারতের টেলিগ্রাফ, হিন্দু, আনন্দবাজার পত্রিকা যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য অস্থির। আর সরকার নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য তা লুফে নিয়েছে। মহানগর জামায়াতের সভাপতি রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় দলের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজাহারুল ইসলাম, মজিবর রহমান, সাংসদ হামিদুর রহমান আজাদ, আবদুল হালিম, নুরুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।