জনগণের নাগরিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার সংরক্ষণে জনগণের নাগরিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন আইনবিদ, শিক্ষাবিদ, মানবাধিকারকর্মীসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাঁরা বলেন, স্বাক্ষরকৃত আন্তর্জাতিক সনদ ও দেশীয় আইন যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নিখোঁজের সংখ্যা বাড়ছে। মানুষ বিভিন্নভাবে নিরাপত্তাহীন হয়ে পড়ছে। গতকাল মঙ্গলবার মহাখালীর ব্র্যাক সেন্টারে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত বাংলাদেশে ‘নাগরিক ও রাজনৈতিক অধিকার’ এবং ‘অর্থনৈতিক সামাজিক ও সংস্কৃতির অধিকার’ বিষয়ে পৃথক দুটি কর্মশালায় তাঁরা এ অভিমত দেন। ইউনিভার্সেল পিরিয়ডিক রিভিউর (ইউপিআর) আওতায় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ কর্মশালার আয়োজন করা হয়। সকালে ‘নাগরিক ও রাজনৈতিক অধিকার’ পর্বে অধিবেশনে স্বাগত বক্তব্যে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার কথা বলা হলেও তিন-চার মাসেও আদালতে হাজির করা হয় না। এমন অসংখ্য অভিযোগ আছে কমিশনের কাছে। নিয়মিতভাবে মানুষ আইন প্রয়োগকারী সংস্থার দ্বারা নির্যাতিত হচ্ছে। তিনি বলেন, ‘কোনো যুক্তিতেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড গ্রহণযোগ্য নয়। হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনের অনেক মতামত ও সুপারিশের সঙ্গে আমরা একমত না হলেও এতে উঠে আসা তথ্য-উপাত্ত কি অস্বীকার করা যাবে?’ সম্প্রতি বিবিসির হার্ডটকে দেওয়া প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারের প্রসঙ্গ উল্লেখ করে মিজানুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নিখোঁজ হওয়া বিষয়ে সরকার ‘জিরো টলারেন্স’ দেখাবে। প্রধানমন্ত্রীর এই শুভ ইচ্ছার বাস্তবায়ন চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জোরালো ভূমিকা নিতে হবে। আইন ও সালিশ কেন্দ্রের সভাপতি ও বিশিষ্ট মানবাধিকারকর্মী হামিদা হোসেন বলেন, আন্তর্জাতিক সনদগুলো না মানলে এগুলোতে স্বাক্ষর করার প্রয়োজন কী? এগুলো এখন আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখানোর মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছে। নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, বাকস্বাধীনতা, গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করতে নাগরিক সমাজের ভূমিকা জোরদার করতে হবে। বিকেলে ‘অর্থনৈতিক, সামাজিক ও সংস্কৃতির অধিকার’ পর্বে বিচারপতি এম ইমান আলী বলেন, আইন থাকলেও অনেক ক্ষেত্রেই তা প্রয়োগ হচ্ছে না। এর ফলেই বিভিন্ন পর্যায়ে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এটা পরিবর্তনের জন্য সরকারকে ধাপে ধাপে উদ্যোগ নিতে হবে। আর এজন্য সবচেয়ে বেশি প্রয়োজন রাজনৈতিক অঙ্গীকার।নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির বলেন, মৌলিক অধিকারগুলো এখন বাণিজ্যে পরিণত হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, খাদ্য—সবকিছু নিয়েই বাণিজ্য চলছে। এর শিকার সাধারণ মানুষ। তথ্য কমিশনার সাদেকা হালিম বলেন, ‘আমরা আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করার ব্যাপারে চ্যাম্পিয়ান হলেও এগুলো বাস্তবায়নে মনোযোগী হই না। আদিবাসী ও বনবাসীদের অধিকার নিশ্চিত করতে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’ দুই অধিবেশনে আরও বক্তব্য দেন জাতীয় আইন সহায়তা কেন্দ্রের পরিচালক আমিনুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল্লাহ আল ফারুক, ব্র্যাকের হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড বিভাগের পরিচালক ফস্টিনা পেরেরা প্রমুখ। মানবাধিকার কমিশনের সদস্য ফৌজিয়া করিম ফিরোজ ও নিরু কুমার চাকমা যথাক্রমে দুই অধিবেশনে সভাপতিত্ব করেন। প্রসঙ্গত, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের উদ্যোগে ২০০৯ সালে জেনেভা সম্মেলনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে জন্য ৪২টি সুপারিশ করা হয়েছিল। বাংলাদেশ এর মধ্যে ৩৫টি সুপারিশ গ্রহণ করে। ২০১৩ সালের মে মাসে ভেনেভায় অনুষ্ঠেয় সম্মেলনে এসব সুপারিশের অগ্রগতি মূল্যায়ন করা হবে।