
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনসার ও ভিডিপি সদস্যদের জনগণের জান-মালের নিরাপত্তায় আন্তরিকতা ও সাহসের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘জনগণের জান-মালের হেফাজত করা আপনাদের পবিত্র দায়িত্ব।’
গাজীপুরের শফিপুর আনসার একাডেমিতে গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৬তম জাতীয় সমাবেশের উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী। খবর বাসসের।
প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি একাডেমির প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সচিব মোজাম্মেল হক খান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মো. নাজিম উদ্দীন। প্রধানমন্ত্রীকে সশস্ত্র সালাম জানায় আনসার বাহিনীর একটি চৌকস দল। একটি খোলা জিপে করে তিনি প্যারেড পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী কুচকাওয়াজের পর কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে আনসার সদস্যদের পদক পরিয়ে দেন।
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে আরও বলেন, বাঙালির স্বাধীনতা অর্জনে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ বাহিনীর ৬৭০ জন সদস্য মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। একাত্তরে তাঁরা মুক্তিকামী জনগণের মধ্যে ৪০ হাজার অস্ত্র বিতরণ করেছেন। এ বাহিনীর ২০ জন বীর সদস্য বাংলাদেশের প্রথম সরকার মুজিবনগর সরকারের শপথের দিনে গার্ড অব অনার প্রদান করেন।
শেখ হাসিনা বলেন, তাঁর সরকার আনসার বাহিনীর সদস্যদের জন্য কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করলে পাঁচ লাখ টাকা অনুদানের ব্যবস্থা করেছে। আহত হলেও অনুদানের ব্যবস্থা রয়েছে। মহিলা থানা প্রশিক্ষকদের চাকরি স্থায়ী করা হয়েছে।
প্রধানমন্ত্রী দেশের সামগ্রিক উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, দেশে আজ মাথাপিছু আয় বেড়ে ১ হাজার ৩১৬ মার্কিন ডলারে উঠেছে। মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। দারিদ্র্যের হার বিএনপি আমলের ৪১ দশমিক ৫ ভাগ থেকে ২২ দশমিক ৪ শতাংশে নেমে এসেছে। পাঁচ কোটি মানুষ নিম্ন আয়ের স্তর থেকে মধ্যম আয়ের স্তরে উন্নীত হয়েছে। সরকারি ও বেসরকারিভাবে দেড় কোটি মানুষের চাকরি হয়েছে।
অনুষ্ঠানে তিনজনকে বাংলাদেশ আনসার পদক (সাহসিকতা), সাতজনকে প্রেসিডেন্ট আনসার পদক (সাহসিকতা), একজনকে মরণোত্তর বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল পদক (সাহসিকতা), ছয়জনকে বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল (সেবা) পদক, ৩৭ জনকে প্রেসিডেন্ট আনসার (সেবা) পদক, ১৯ জনকে প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল (সেবা) পদক প্রদান করা হয়।
অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদসহ সেনা, নৌ, বিমানবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।