জনগণের পক্ষে কাজ করবে নির্বাচন কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো দল বা ব্যক্তিবিশেষের জন্য নয়; দেশের জনগণের পক্ষে ও জনগণের চাহিদা মোতাবেক নির্বাচন কমিশন কাজ করবে। গতকাল সোমবার ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার (ইসি) মো. জাবেদ আলী এ কথা বলেন। গতকাল দুপুর ১২টার দিকে কেরানীগঞ্জের আগানগর ইউনিয়ন পরিষদে (ইউপি) ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বাবুল মিয়ার সভাপতিত্বে ঢাকা অঞ্চলের নির্বাচন কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ, ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহ আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মমিন মিয়া, আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার বলেন, জনগণের চাহিদা মোতাবেক নির্ভুল ও স্বচ্ছ ভোটার তালিকা হালনাগাদ ও নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। গত ১০ মার্চ থেকে শুরু হওয়া এ কার্যক্রম আগামী ডিসেম্বর পর্যন্ত চলবে।নির্বাচন কমিশনার এর আগে দক্ষিণ কেরানীগঞ্জের বাঘৈর জুনিয়র উচ্চবিদ্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ ও নিবন্ধন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও নিবন্ধন করতে আসা লোকজনের সঙ্গে কথা বলেন।