বিশেষ আমলাতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করে জনগণের প্রকৃত সেবক হিসেবে দেশ এবং দেশের জনগণের সেবা করার জন্য বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বঙ্গভবনের দরবার হলে গতকাল সন্ধ্যায় বিভাগ ও জেলার প্রশাসনিক প্রধানদের রাষ্ট্রপতি বলেন, ‘বর্তমান যুগে প্রশাসনকে হতে হবে গণমুখী ও উন্নয়নভিত্তিক এবং অতঃপর আমলাদের সেকেলে ধরনের আমলাতান্ত্রিক মনোভাব ত্যাগ করা প্রয়োজন।’ আবদুল হামিদ বলেন, ‘তৃণমূল পর্যায়ের বিভিন্ন সরকারি কার্যক্রমের প্রধান সমন্বয়ক হিসেবে দেশকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা, দারিদ্র্য ও শোষণমুক্ত দেশ হিসেবে গড়ে তোলার জন্য আপনাদের মেধা ও দক্ষতাকে কাজে লাগাতে হবে।’ তিনি বিভাগীয় কমিশনার ও ডিসিদের প্রতি ভীতি, লোভ ও অনুরাগ অথবা বিরাগের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনেরও আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মনিরপেক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি মাঠপর্যায়ের এই প্রশাসকদের প্রতি যেকোনো মূল্যে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নির্মূলের কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন। রাষ্ট্রপতি বলেন, যেহেতু প্রকৃত ধর্মীয় মূল্যবোধ কখনোই সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে সমর্থন করে না, তাই এই প্রচারণার অংশ হিসেবে জনগণ বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে ধর্মের প্রকৃত বাণী ছড়িয়ে দিতে হবে।