আজাদীর ৫২ বছরে পদার্পণ অনুষ্ঠান
জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে সংবাদ পরিবেশনে তথ্যমন্ত্রীর আহ্বান
তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, গণমাধ্যমকে মিথ্যা ও ভিত্তিহীন খবর প্রকাশ থেকে বিরত থাকতে হবে। তিনি সত্যিকারের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।তথ্যমন্ত্রী চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদীর ৫২ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।মন্ত্রী বলেন, শান্তি ও সুশাসন প্রতিষ্ঠার সব প্রতিবন্ধকতা দূর করে সুস্থ সমাজ গঠনে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের এ প্রচেষ্টায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। মন্ত্রী আরও বলেন, ‘সরকারের প্রতি দায়বদ্ধতার প্রয়োজন নেই। জনগণের প্রতি দায়বদ্ধ থেকে সংবাদ পরিবেশন করুন।’অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। আরও বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মাহবুবুল আলম, হোসেন জিল্লুর রহমান, মইনুল হোসেন ও গীতি আরা সাফিয়া চৌধুরী, বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, এম মোরশেদ খান ও জাফরুল ইসলাম চৌধুরী, শিক্ষাবিদ আনিসুজ্জামান, রোকনউদ্দিন মাহমুদ, আনিসুল ইসলাম মাহমুদ, মঈন উদ্দীন খান বাদল, সমাজকল্যাণসচিব রণজিৎ বিশ্বাস, সাবেক সচিব হাসনাত আবদুল হাই, সম্পাদকদের মধ্যে রিয়াজউদ্দিন আহমেদ, মতিউর রহমান, মাহ্ফুজ আনাম ও মোজাম্মেল হক, শিল্পী নকীব খান প্রমুখ।