জনগণের প্রতি সমর্থন থাকবে গুম নিয়ে উদ্বেগ কানাডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অধিকাংশ নাগরিক ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ায় উদ্বিগ্ন কানাডা। তবে সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত না হলেও সরকার, বিরোধী দল, নাগরিক সমাজ ও বেসরকারি খাতের সঙ্গে কাজ করার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের প্রতি কানাডার সমর্থন অব্যাহত থাকবে। ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ অভিমত দেন।
কানাডার হাইকমিশনার তাঁর বিবৃতিতে বিএনপির নেতাদের গুম, বিনা বিচারে আটকের অভিযোগের ব্যাপারে উদ্বেগ জানান। তাই তিনি সরকারকে ধর্মীয় স্বাধীনতা সুরক্ষাসহ আন্তর্জাতিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধা দেখানোর আহ্বান জানান। হিদার ক্রুডেন বলেন, বাংলাদেশের অধিকাংশ নাগরিক ভোট দেওয়ার সুযোগ না পাওয়ায় এবং অর্ধেকের বেশি সাংসদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় কানাডা উদ্বিগ্ন। তিনি বিবৃতিতে উল্লেখ করেন, বিএনপির হরতাল না দেওয়ার সিদ্ধান্ত তাঁদের উৎসাহিত করছে। তিনি আশা প্রকাশ করেন, সদিচ্ছার এ বহিঃপ্রকাশ একটি সত্যিকার ও ইতিবাচক সংলাপে উৎসাহ জোগাবে।
হিদার ক্রুডেন বলেন, বাংলাদেশের আগামী নির্বাচনকে জনগণের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে সব দলকে আলোচনা শুরুর জন্য অব্যাহতভাবে কানাডা অনুরোধ জানিয়ে যাবে।