প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘রূপকল্প ২০২১’ বাস্তবায়নে গভীর নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে এবং দায়িত্ব পালনকালে জনগণের প্রতি সহানুভূতিশীল থাকতে প্রশাসনিক ক্যাডারের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর বাসসের।গত বৃহস্পতিবার রাতে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক নৈশভোজে প্রধানমন্ত্রী বলেন, ‘রূপকল্প ২০২১ সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে আমরা আমাদের মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য পূরণ করতে চাই।’ প্রধানমন্ত্রী বলেন, সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করার সব নির্বাচনী প্রতিশ্রুতি সম্পর্কে সচেতন রয়েছে এবং এ লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনা দেশের নিজস্ব তহবিলে বহু প্রতীক্ষিত পদ্মা সেতু নির্মাণে তাঁর দৃঢ় সংকল্পের কথা পুনর্ব্যক্ত করে এ ব্যাপারে সমর্থন দেওয়ার জন্য বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনসহ সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানান। শেখ হাসিনা বলেন, যে জাতি যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে তারা পদ্মা সেতুর মতো একটি সেতু নির্মাণ করতে পারবে না, এটা হতে পারে না।অ্যাসোসিয়েশনের সভাপতি আবু আলম মো. শহীদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা এইচ টি ইমাম, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঞা এবং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মইনুদ্দিন আবদুল্লাহও বক্তৃতা করেন। শেখ হাসিনা বর্তমান সরকার প্রতিষ্ঠিত জেলা ই-সেবকেন্দ্র ও ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্র থেকে সেবা গ্রহণে জনগণকে আগ্রহী করে তোলার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডার সদস্যদের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘উন্নয়নের এই ধারা যদি আমরা বজায় রাখতে পারি, তাহলে ২০২১ সালের আগেই দেশের প্রতিটি মানুষকে ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষরতা থেকে মুক্ত করতে পারব।’ প্রধানমন্ত্রী ভূমি-সংক্রান্ত সমস্যার সমাধান এবং জনগণের হয়রানি দূর করার জন্যও প্রশাসনিক সার্ভিস কর্মকর্তাদের নির্দেশ দেন এবং ভূমি রেকর্ড ব্যবস্থাপনা দ্রুত ডিজিটালাইজড করে আরও সুসংহত করার ক্ষেত্রে তাঁদের ভূমিকা প্রত্যাশা করেন।