জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচন দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা পরিষদ নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচনের বিধান করার দাবি করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। এ জন্য তারা অধ্যাদেশ আকারে জারি করা জেলা পরিষদ আইন সংসদে উত্থাপনের পর সংশোধন করতে বলেছে। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানিয়েছে।
সুজনের প্রস্তাবে বলা হয়েছে, জনগণের ভোটে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হবেন। পরে সদস্যদের ভোটে নির্বাচিত হবেন চেয়ারম্যান।
৫ সেপ্টেম্বর জেলা পরিষদ আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে সরকার। এতে বলা হয়েছে, প্রতিটি জেলার অন্তর্ভুক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, পৌরসভা ও সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর এবং উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নিয়ে নির্বাচকমণ্ডলী গঠিত হবে। এরপর তাঁদের ভোটে জেলা পরিষদের চেয়ারম্যান, ৫ জন নারী সদস্য ও ১৫ জন অন্যান্য সদস্য নির্বাচিত হবেন। চেয়ারম্যান পরিষদের প্রধান নির্বাহী হবেন।
‘প্রসঙ্গ বাংলাদেশের জেলা পরিষদ’ শীর্ষক এই সংবাদ সম্মেলনে সুজনের প্রস্তাব উত্থাপন করেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ। প্রস্তাবে প্রতিটি জেলাকে ভোটারের অনুপাতে ওয়ার্ডে ভাগ করা, নির্বাচকমণ্ডলী পদ্ধতি বাতিল করা, প্রশাসনের ওপর জেলা পরিষদের কর্তৃত্ব স্থাপনের ব্যবস্থা করা, সাংসদকে উপদেষ্টা করার প্রস্তাব বাতিল করা এবং সেবাসংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিভাগগুলো জেলা পরিষদে হস্তান্তর করার কথা বলা হয়েছে।
সাংবাদিক ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘সংবিধানে বলা আছে যে নির্বাচন হবে প্রত্যক্ষ ভোটে। কিন্তু নতুন যে আইন হয়েছে, তাতে সেই সুযোগ নেই। জনগণের অংশগ্রহণ ছাড়া নামকা ওয়াস্তে নির্বাচন হলে সেটা গণতান্ত্রিক হবে না।’
সব সরকারই সংবিধান লঙ্ঘন করে স্থানীয় সরকারকে নিজেদের কাজে ব্যবহার করেছে বলে মন্তব্য করেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘এখন যে আইন হয়েছে তা পুরোপুরি আয়ুব খানের মৌলিক গণতন্ত্রের মতো। এটা করা হলে উপদেষ্টার সঙ্গে চেয়ারম্যানের দ্বন্দ্ব সৃষ্টি হবে। এর ফলে কোনো কাজ হবে না। এমন অথর্ব আর বিকলাঙ্গ পরিষদ আমরা চাই না।’