জনগণের ব্যবহারের সম্পত্তি বন্দোবস্ত দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের পোষী মৌজার উত্তর ও দক্ষিণ পোষী গ্রামে তিনটি দাগের জনগণের ব্যবহূত ৪৬ শতাংশ খাসজমি দুজন ভূমিহীনের নামে বন্দোবস্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় শতাধিক কৃষক সূত্রে জানা গেছে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান মাহবুবুর রহমান গত ৩ জানুয়ারি সরকারি এই খাস সম্পত্তি পোষী গ্রামের মো. আবদুর রশিদ ও তাঁর স্ত্রী মোছা. বিলকিছ বেগমের নামে বন্দোবস্ত দেন। এ ক্ষেত্রে কর্মকর্তারা তথ্য গোপন করে ‘জনসাধারণের ব্যবহূত সম্পত্তি’ বন্দোবস্ত দিয়েছেন।সরেজমিনে দেখা গেছে, ওই জমিতে ছোট দুটি পুকুর এবং একটি বড় গর্তে পানি রয়েছে। স্থানীয় ব্যক্তিরা ওই জলাশয়ের পানি সেচ ও দৈনন্দিন কাজে ব্যবহার করছেন।দক্ষিণ পোষী গ্রামের নিপেন্দ্রনাথ সরকার (৭২) বলেন, ১৯৬২ সালে এমআরআর খতিয়ান প্রস্তুতের পর স্থানীয় কৃষকেরা চাষাবাদের সুবিধার্থে পানি সংরক্ষণের জন্য ওই পুকুর খনন করেন। এরপর থেকে সংরক্ষিত পানি উত্তর ও দক্ষিণ পোষী গ্রামের কৃষকেরা সেচের জন্য ব্যবহার করে আসছেন। বন্দোবস্তকারী আবদুর রশিদ ইতিমধ্যে পুকুর ভরাট করতে শুরু করেছেন। একই কথা জানান ওই গ্রামের ইসমাইল হোসেন ও শ্রীবাস চন্দ্র সরকার।পোষী গ্রামের উপেন্দ্রনাথ সরকার বলেন, ‘পুকুরগুলোর বন্দোবস্ত বাতিলের দাবিতে আমি ৬ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছি। কিন্তু সংশ্লিষ্ট অফিস কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। বরং বন্দোবস্ত গ্রহণকারী আবদুর রশিদ তাঁর দলবল নিয়ে রাতে বাড়িতে এসে আমাকে ভয়ভীতি দেখাচ্ছেন।’আবদুর রশিদ বলেন, ‘আমি ভূমিহীন। সরকারি অর্পিত সম্পত্তির ওপর পরিবার নিয়ে বসবাস করি। চাষাবাদের জন্য ওই তিন দাগের ৪৬ শতাংশ সম্পত্তি আমাকে সরকার ৯৯ বছরের জন্য বন্দোবস্ত দিয়েছে। তবে আমার বিরুদ্ধে আনা অভিযোগ ঠিক না।’কুসুম্বী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুস সালাম বলেন, ‘সংরক্ষিত রেজিস্টার অনুযায়ী ওই তিন দাগের জমির শ্রেণী হিসেবে উল্লেখ রয়েছে “পতিত গর্ত”। আগে ছিল “জনসাধারণের ব্যবহূত সম্পত্তি”। সরকারি এই শ্রেণীর সম্পত্তি কবুলিয়ত দলিল করা যায় না।’উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ‘ওই সম্পত্তি এমআরআর খতিয়ানে পতিত হিসেবে উল্লেখ রয়েছে। সেই আলোকে বন্দোবস্ত দেওয়া হয়েছে। তবে ওই সম্পত্তি জনসাধারণের ব্যবহূত সম্পত্তি এ কথা রেজিস্টারে উল্লেখ ছিল কি না, এ ব্যাপারে ইউনিয়ন ভূমি কার্যালয় থেকে আমাকে অবহিত করা হয়নি। এ ছাড়া যাদের নামে বন্দোবস্ত দলিল হয়েছে, তাঁরাও ভূমিহীন।’ইউএনও মো. মনজুর আলম প্রধান বলেন, ‘এ ব্যাপারে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’