জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেবে না আ. লীগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা দেশের অকল্যাণ করে তারা যেন রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগ কাউকেই এ দেশের জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেবে না।
অষ্টমবারের মতো আওয়ামী লীগ সভাপতির দায়িত্ব গ্রহণ করায় আজ বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের লনে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘রাজাকার, আলবদর, যুদ্ধাপরাধী, অর্থ পাচারকারী এবং এতিমের টাকা আত্মসাৎকারী কোনোভাবেই যেন আবার ক্ষমতায় আসতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে...তারা ক্ষমতায় এলে আবারও এসব অপকর্ম ঘটাবে।’ তিনি বলেন, তাঁর দল আর কাউকেই এ দেশের জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেবে না।
আন্দোলনের নামে খালেদা জিয়া নিজেই নিজেকে তাঁর গুলশান কার্যালয়ে আবদ্ধ রাখেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-প্রধান সে সময় ৯২ দিন তাঁর কার্যালয়ে অবস্থান করে বিরিয়ানি খেয়েছেন। আর তাঁর ক্যাডার বাহিনী সন্ত্রাসী হামলা করে নিরপরাধ মানুষকে হত্যা করেছে। শেখ হাসিনা বলেন, তাঁদের সেই মানুষ পুড়িয়ে হত্যার আন্দোলনে কেউ সাড়া দেয়নি। দেশের জনগণ কখনোই মানুষ পুড়িয়ে হত্যাকারী এবং এতিমের টাকা মেরে খাওয়া লোকজনের কথা শুনবে না।
প্রধানমন্ত্রী এ সময় আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের নৈরাজ্য প্রতিরোধে এগিয়ে আসায় তাঁর দল ও সহযোগী সংগঠন এবং ছাত্রলীগের নেতা-কর্মীসহ সাধারণ জনগণকে ধন্যবাদ জানান।