দক্ষিণ এশিয়ার দেশগুলোর জনগণের ভাগ্যোন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে দক্ষিণ এশিয়া সোশ্যাল ফোরামের দ্বিতীয় দিনে। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আলোচনা, সেমিনারসহ বিভিন্ন কর্মসূচিতে এ আহ্বান ধ্বনিত হয়।দক্ষিণ এশিয়া সোশ্যাল ফোরাম (এসএএসএফ) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে গত শুক্রবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী এই অনুষ্ঠানমালা।গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী সিনেট ভবনে ‘অন্য রকম বিশ্ব: অন্য রকম দক্ষিণ এশিয়া: ভবিষ্যৎ লক্ষ্য’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এতে সভাপতিত্ব করেন।উপাচার্য আরেফিন সিদ্দিক দেশগুলোর মধ্যে আঞ্চলিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, দক্ষিণ এশিয়ার জনগণের ভাগ্যোন্নয়নের জন্য সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে।পাকিস্তানের শ্রমিকনেতা কেরামত আলী ভারত-পাকিস্তানের বৈরী সম্পর্কের সমালোচনা করেন।সেমিনারে আরও বক্তব্য দেন বাংলাদেশের আনোয়ার হোসেন, আবুল বারাকাত, সোনিয়া নিশাত আমীন, ভারতের কুলদীপ নায়ার, ব্রাজিলের চিকু হুই পেকার, কানাডার ফিরোজ মেহেদী প্রমুখ।টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জেন্ডার সমতা প্রতিষ্ঠা: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভা। এতে বক্তারা দক্ষিণ এশিয়ায় নারীদের প্রতি বৈষম্য দূর করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। আয়েশা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ও বক্তাদের মধ্যে ছিলেন ভারতের নারীনেত্রী কমলা ভাসীন, কৃপা বসনিয়াত, মাহবুবা নাসরীন, রঞ্জন কর্মকার, মাহীন সুলতান প্রমুখ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিফা হাফিজা।ডাকসু ভবনে সকালের অধিবেশনে আলোচনার মূল বিষয় ছিল ‘বৈশ্বিক পুঁজিবাদের সংকট: উত্তরণের উপায়’। এতে অংশ নেন ভারতের উইল ডি কস্তা, ফিনল্যান্ডের মেটি কোহেনেন, বাংলাদেশের সাইফুল হক, কেনিয়ার আতিয়া ওয়ারিস প্রমুখ। সভায় বক্তারা পুঁজিবাদের সংকট কাটাতে নতুন অর্থনৈতিক ধারা সৃষ্টির ওপর গুরুত্ব আরোপ করেন।দুপুরের অধিবেশনের মূল প্রতিপাদ্য ছিল দক্ষিণ এশিয়ার প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের সীমাবদ্ধতা ও এ থেকে উত্তরণের উপায়। অর্থনীতিবিদ এম এম আকাশের মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান, সাংসদ ফজলে রাব্বি মিয়া, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, নারীনেত্রী রোকেয়া কবির প্রমুখ। সাবেক বিচারপতি গোলাম রাব্বানী এতে সভাপতিত্ব করেন।মিজানুর রহমান বলেন, যেখানে ব্যক্তিমালিকানা থাকে, সেখানে কোনো দিনই প্রকৃত গণতন্ত্র থাকে না। তাই পুঁজিবাদের অপসারণ ছাড়া কখনোই অন্য রকম দক্ষিণ এশিয়ার স্বপ্ন সফল হবে না। অণুজীববিজ্ঞান বিভাগের লেকচার গ্যালারিতে ‘খাদ্য অধিকার ও সার্বভৌমত্বে করণীয়’ শীর্ষক আলোচনায় বক্তারা কৃষির বাণিজ্যিকীকরণ বন্ধ করতে সবাইকে সংগঠিত হওয়ার আহ্বান জানান।এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, কার্জন হল, লেকচার থিয়েটার ও অন্যান্য স্থানে বিভিন্ন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শহীদ মিনার, চারুকলা অনুষদ, মল চত্বর ও টিএসসিতে ছিল নানা সাংস্কৃতিক আয়োজন।