রাজশাহী সিটি করপোরেশনের বর্ধিত হোল্ডিং ট্যাক্সের নোটিশ বাতিল করে জনগণের মতামত নিয়ে স্বচ্ছভাবে কর কাঠামো নির্ধারণ করার দাবি জানিয়েছে রাজশাহীর বর্ধিত হোল্ডিং ট্যাক্স প্রতিরোধ কমিটি। গতকাল শনিবার বেলা ১১টায় নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
বর্ধিত হোল্ডিং ট্যাক্সবিরোধী চলমান আন্দোলনের অংশ হিসেবে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে বলা হয়, ‘আমাদের দেওয়া নির্ধারিত সময়ে করপোরেশনের কোনো ধরনের পদক্ষেপ না থাকায় আমরা আবারও আন্দোলন কর্মসূচি গ্রহণে বাধ্য হচ্ছি। নতুন কর্মসূচি অনুযায়ী আগামী ১৩ আগস্ট, শনিবার নগরের সাহেববাজার জিরো পয়েন্টে নারী সমাবেশ, ১৭ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যস্ত এলাকাভিত্তিক গণসংযোগ। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে ৩ সেপ্টেম্বর, শনিবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বর্ধিত হোল্ডিং ট্যাক্স প্রতিরোধ কমিটির আহ্বায়ক রাগিব আহসান।
রাগিব আহসান বলেন, ‘বর্ধিত হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবিতে আমরা মিছিল-মিটিং, পথসভা, পোস্টার, লিফলেট বিতরণ, কনভেনশন করেছি। সব শেষে গত ২৮ জুলাই নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছি। সেখানে হাজার হাজার মানুষ সমবেত হয়ে করপোরেশনের কর্তাব্যক্তিদের অনুরোধ করেছিল সাত দিনের মধ্যে দাবি মেনে নেওয়ার এবং জনগণের বিভিন্ন পেশার মানুষের সঙ্গে বসে উদ্ভূত পরিস্থিতির সমাধান দেওয়ার। জনগণের আহ্বানের প্রতি করপোরেশন কোনো সম্মান দেখানোর প্রয়োজন পর্যন্ত মনে করেনি, যা অত্যন্ত দুঃখজনক। করপোরেশনের একরোখা, অনড় অবস্থান আমাদের কারও কাছে কাঙ্ক্ষিত নয়।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বর্ধিত হোল্ডিং ট্যাক্স প্রতিরোধ কমিটির সদস্যসচিব আবু রায়হান, শামসুল হক, কমিটির সদস্য এনামুল হক, আবুল কালাম আজাদ, মাহফুজুল হাসনাইন, ছাত্রনেতা এ এইচ এম জুয়েল খান প্রমুখ।