জনগণের মুখোমুখি অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয়ী হলে পৌরসভাকে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত করার শপথ নিয়েছেন পঞ্চগড় পৌরসভার তিন মেয়র পদপ্রার্থী। তবে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন না এই মঞ্চে। শহরের শের-ই-বাংলা পার্কে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে একই মঞ্চে উঠে শপথ নেন ওই তিন প্রার্থী।
সুজন জানায়, আসন্ন পৌর নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান জানিয়ে পঞ্চগড় জেলা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সুজনের পঞ্চগড় জেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম।
পঞ্চগড় পৌরসভায় মেয়র পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করলেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁদের মধ্যে তিনজন। তাঁরা হলেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী জাকিয়া খাতুন, জাতীয় সমাজতান্ত্রিক দলের আবদুল মজিদ ও স্বতন্ত্র প্রার্থী জেলা জামায়াতের আমির আবদুল খালেক। তাঁরা সবাই পঞ্চগড় পৌরসভাকে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত করার ঘোষণা দেন। এ ছাড়া ভোটে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে দলমত-নির্বিশেষে সেদিকে নজর রাখা, পৌরসভার উন্নয়নে কাজ করাসহ পরাজিত প্রার্থীকে সহযোগিতার শপথ নেন তাঁরা। মঞ্চে প্রার্থীরা পৌরসভার উন্নয়নে নিজ নিজ মতামত তুলে ধরেন।
লটারির মাধ্যমে বক্তাদের বক্তব্য দেওয়ার ক্রম নির্ধারণ করা হয়। শুরুতেই বক্তব্য দেন আবদুল মজিদ। তিনি বলেন, ‘এই পৌরসভায় আগে কোনো লাল নীল বাতি জ্বলেনি। ভোট পাওয়ার আশায় বর্তমান মেয়র বিএনপির প্রার্থী লাল-নীল বাতি জ্বালিয়েছেন। জনগণ ধরতে পেরেছে।’
এরপর আওয়ামী লীগের প্রার্থী জাকিয়া খাতুন বলেন, ‘নির্বাচিত হলে পঞ্চগড়কে মডেল পৌরসভা বানাব।’ সবার শেষে স্বতন্ত্র প্রার্থী আবদুল খালেক বলেন, ‘নির্বাচিত হলে জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়ের জন্য পৌরসভায় রাত্রিকালীন দুটি অফিস করব।’
এরপর অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষও সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীকে ভোট দেওয়ার শপথ নেন। জনগণের মুখোমুখি অনুষ্ঠানে এরপর উপস্থিত প্রার্থীরা ভোটারদের নানা প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজন কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী দিলীপ বিশ্বাস ও রংপুর বিভাগীয় সমন্বয়কারী রাজেশ দে।