
নরসিংদীর মাধবদী পৌরসভার দুই মেয়র প্রার্থী গতকাল সোমবার ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে একত্র হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। মাধবদী এসপি ইনস্টিটিউশন মাঠে গতকাল বিকেলে ওই অনুষ্ঠানের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন) নরসিংদী জেলা শাখা।
পৌরসভা সূত্রে জানা গেছে, এখানে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মো. ইলিয়াছ, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোশাররফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী আবদুল বাতেন ও ইসলামী আন্দোলনের হারুন মিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল জনগণের মুখোমুখি অনুষ্ঠানে মো. ইলিয়াছ ও মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। বিভিন্ন প্রশ্নের জবাবে এ দুই প্রার্থী নির্বাচনী আচরণবিধি মেনে চলা, নির্বাচিত হলে পৌরসভাকে দুর্নীতিমুক্ত, কার্যকর ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজনের নরসিংদী জেলা কমিটির সভাপতি মোশারফ হোসেন। বক্তব্য দেন সম্পাদক হলধর দাস, সহসভাপতি নিবারণ রায় ও এসপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সজল কুমার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুজনের আঞ্চলিক সমন্বয়কারী মুর্শিকুল ইসলাম।