জনগণের মুখোমুখি খুলনার মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), খুলনার উদ্যোগে গতকাল শনিবার ‘জনগণের মুখোমুখি প্রতিনিধি’ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় নগরের শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত সভায় জনগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মেয়র তালুকদার আবদুল খালেক। অনুষ্ঠানে নির্বাচনের আগে তালুকদার আবদুল খালেকের দেওয়া নির্বাচনী ইশতেহার ও বর্তমান অবস্থার একটি ভিডিওচিত্র দেখানো হয়। এরপর উপস্থিত জনতা মেয়রকে নাগরিক জীবনের নানা সমস্যা ও সংকট বিষয়ে প্রশ্ন করেন। মেয়র খালেক তাঁর মেয়াদকালে খুলনার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির পর্যালোচনা করেন এবং অসম্পূর্ণ ও চলমান কাজ যথাসময়ে শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়া তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিবরণ দেন।সনাক খুলনার সভাপতি জাফর ইমামের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা শেখ আবদুল কাইয়ুমের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সনাকের স্থানীয় সরকার উপকমিটির সভাপতি এ কে হিরু। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সনাক, খুলনার সহসভাপতি অধ্যাপক আনোয়ারুল কাদির। জনগণের প্রশ্ন বাছাইয়ের দায়িত্ব পালন করেন শামীমা সুলতানা, কুদরত-ই-খুদা, মিনা আজিজুর রহমান ও শেখ মোশাররফ হোসেন।