জনগণের মুখোমুখি ফরিদপুর পৌর পরিষদ
‘নিয়মিত পানি পাচ্ছি না কেন?’, ‘মশা ও বেওয়ারিশ কুকুরের উৎপাত আর কত সহ্য করতে হবে?’, ‘পৌরসভার পুকুরগুলো এত নোংরা কেন?’, ‘ফুটপাত দখল করে ব্যবসা আর কত দিন চলবে?’ পৌরবাসীর এমন অসংখ্য প্রশ্নের মুখোমুখি হয়েছে ফরিদপুর পৌরসভা পরিষদ। প্রতিটি প্রশ্নের জবাব দিয়েছেন পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী ও পরিষদের সদস্যরা।‘পৌরসভার উন্নয়নের জন্য প্রয়োজন জনগণ ও পৌর কর্তৃপক্ষের মানসিক প্রচেষ্টা’—এ আহ্বানকে সামনে রেখে শুক্রবার রাতে আয়োজন করা হয় ‘জনগণের মুখোমুখি ফরিদপুর পৌরসভা পরিষদ’ অনুষ্ঠানটি। ফরিদপুরের অম্বিকা ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক) ফরিদপুর জেলা শাখা।অনুষ্ঠানে ফরিদপুর পৌরসভার নয়টি ওয়ার্ডের ৩০ জন সাধারণ মানুষ পৌর পরিষদের কাছে তাঁদের প্রত্যাশা ও নানা অপ্রাপ্তির কারণ জানতে চেয়ে সরাসরি প্রশ্ন করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যতিক্রমধর্মী এ আয়োজনে মেয়র বিভিন্ন প্রশ্নের জবাব দেন। কোনো কোনো জবাবে যেমন ছিল আশার আলো, আবার কোনোটিতে ছিল অপারগতা, নানা সীমাবদ্ধতার কথা। সব মিলিয়ে সন্ধ্যা পৌনে সাতটা থেকে রাত পৌনে নয়টা পর্যন্ত এ আয়োজন হয়ে উঠেছিল প্রাণবন্ত।সনাকের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সনাক সদস্য আলতাফ হোসেন ও শিপ্রা গোস্বামী।