প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণ ও তাঁর দলের নেতা-কর্মীদের সঙ্গে তাঁর সম্পর্কের ক্ষেত্রে কোনোভাবে দূরত্ব সৃষ্টি হয় এবং জনগণ আঘাত পায় এমন আচরণ না করার ব্যাপারে সজাগ থাকতে স্পেশাল সিকিউরিটি ফোর্সেস (এসএসএফ) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএসএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এই আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, ‘জনপ্রতিনিধি হিসেবে আমরা জনগণের কাছে দায়বদ্ধ। কাজেই আপনাদের কোনো আচরণে জনগণের সঙ্গে আমার সম্পর্ক যেন বাধাগ্রস্ত না হয় এবং জনগণ যাতে কষ্ট না পায়, সেদিকে সব সময় সজাগ দৃষ্টি রাখতে হবে।’ তিনি বলেন, ‘আমরা জনগণের জন্যই রাজনীতি করি এবং জনগণের সঙ্গে সম্পর্ক না থাকলে আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের সঙ্গে দূরত্ব সৃষ্টি করে নয়, বরং জনসম্পৃক্ততা স্বাভাবিক রেখেই পেশাদারিত্বের পরিচয় দিয়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করাই হবে আপনাদের কৃতিত্ব।’ শেখ হাসিনা নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলার জন্য সব সহযোগী এজেন্সির সঙ্গে সুসম্পর্ক, নিবিড় যোগাযোগ ও সমন্বয় বজায় রাখতেও এসএসএফ সদস্যদের নির্দেশ দেন। তিনি বলেন, ভিআইপিদের জন্য কঠোর ও নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা এসএসএফ সদস্যদের দায়িত্ব হলেও তাঁদের জনসংযোগের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখতে হবে। এসএসএফ সদস্যরা অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তাঁদের আনুগত্য, পেশাদারিত্ব ও দক্ষতা প্রশংসনীয়। এসএসএফের মহাপরিচালক মেজর জেনারেল চৌধুরী হাসান সরওয়ার্দী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ উজ জামান এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, তিন বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রীর সামরিক সচিব ও প্রেস-সচিব এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস ও ইউএনবি।