জনগণের সহযোগিতা চাইলেন আরএমপি কমিশনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক হত্যাকাণ্ড, ডাকাতি ও অন্যান্য অপরাধে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মো. শামসুদ্দীন। তিনি তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।

আরএমপি কমিশনার বলেন, অপরাধী ও খুনিদের ধরে আইনের আওতায় আনতে আমরা অঙ্গীকারবদ্ধ। কিন্তু দুর্ভাগ্যবশত অপরাধীদের অপরাধ সংক্রান্ত সঠিক তথ্যের অভাবে এ বিষয়ে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না। তিনি চাঞ্চল্যকর তিনটি খুন এবং স্বর্ণ দোকানে ডাকাতির ঘটনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি খুনি ও তাদের সহযোগীদের সম্পর্কে জরুরি ভিত্তিতে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। নিরাপত্তার স্বার্থে সংবাদদাতার পরিচয় গোপন রাখা হবে বলে তিনি জানান।

আরএমপি কমিশনার শামসুদ্দিন বলেন, ‘আমরা লোকজনের সঙ্গে কথা বলে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে জানতে চাই। তারা উদ্বিগ্ন। অথচ সবাই নীরব থাকায় এখনো লক্ষ্যে পৌঁছাতে পারছি না।’ এর সঙ্গে তিনি যোগ করেন, ‘আমরা এটাও খতিয়ে দেখছি যে একটি বিব্রতকর পরিস্থিতি তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে কেউ ষড়যন্ত্র করছে কি না।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিক হত্যার কথা উল্লেখ করে আরএমপি প্রধান বলেন, সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগ নেতা জিয়াউল হক টুকু হত্যার উল্লেখ করে তিনি বলেন, সন্দেহভাজন ব্যক্তিকে আটক এবং রিমান্ডে নেওয়া হয়েছে। আর নাইস হোটেলে দুজনের মরদেহ উদ্ধারের ঘটনার কথা উল্লেখ করে তিনি শুধুমাত্র যারা তাদের পরিচয়পত্র দেখাবে তাদের কাছেই হোটেলের কক্ষ ভাড়া দিতে মালিকদের প্রতি আহ্বান জানান।

আরএমপির অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন, উপকমিশনার তানভীর হায়দার চৌধুরী ও অতিরিক্ত জেলা প্রশাসক নাহিদ হোসেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।