সামাজিক ব্যবসা দিবসের অনুষ্ঠানে মুহাম্মদ ইউনূস
জনগণের সামাজিক ব্যবসায় সরকার অংশীদার হতে পারে
নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, সামাজিক ব্যবসায়ের কার্যকরতা দেখে সরকার তার নিজস্ব ব্যবসা সৃষ্টি করতে পারে। জনগণের পরিচালিত সামাজিক ব্যবসায় অংশীদার হতে পারে। ব্যবসার অভিজ্ঞতাকে সরকারের কর্মসূচির কার্যকরতা উন্নয়নেও ব্যবহার করতে পারে।গতকাল সোমবার নগরের একটি অভিজাত হোটেলে সামাজিক ব্যবসা দিবস (সোশ্যাল বিজনেস ডে) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ইউনূস এ কথা বলেন।মুহাম্মদ ইউনূস বলেন, আস্তে আস্তে সামাজিক ব্যবসার ধারণাটি একটি কাঠামোতে রূপ নিচ্ছে। তরুণ প্রজন্ম, ব্যবসায়িক গোষ্ঠী, একাডেমিক ইনস্টিটিউশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে নেটওয়ার্ক তৈরি হচ্ছে। অনেক দেশের সরকারও আগ্রহ দেখাচ্ছে।মুহাম্মদ ইউনূস বলেন, প্রথমবারের মতো বাংলাদেশসহ বিশ্বের কয়েকটি দেশে সামাজিক ব্যবসা দিবসটি পালিত হলো। এ দিবস প্রতিবছর পালন করতে হবে। কতটুকু লক্ষ্য অর্জিত হলো, তা মনিটরিংয়ের পাশাপাশি ভবিষ্যতের জন্য নতুন নতুন পরিকল্পনা হাতে নিতে হবে। তাঁর মতে, কম সময়ের মধ্যে সামাজিক ব্যবসাকে কেন্দ্র করে অনেক কার্যক্রম শুরু হয়ে গেছে। বিষয়টি মানুষের মনে প্রভাবও ফেলতে শুরু করেছে।এ্যাইসেক বাংলাদেশ ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন আয়োজিত অনুষ্ঠানে মুহাম্মদ ইউনূস আরও বলেন, ‘যে ধরনের পৃথিবী আমরা গড়ে তুলতে চাই, সামাজিক ব্যবসা তা নির্মাণে সুযোগ করে দেয়। এ ব্যবসার কারণে নাগরিকদের সব সমস্যার ভার সরকারের হাতে ছেড়ে দিতে হয় না।’অনুষ্ঠানে মুহাম্মদ ইউনূস তাঁর ‘বিল্ডিং সোশ্যাল বিজনেস: দি নিউ কাইন্ড অব ক্যাপিটালিজম দ্যাট সার্ভস হিউম্যানিটিস মোস্ট প্রেসিং নিডস ইন বাংলাদেশ’ শীর্ষক বইয়ে স্বাক্ষর করেন। এ ছাড়া বাংলাদেশের সামাজিক ব্যবসার অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল ঘুরে দেখেন তিনি।অনুষ্ঠানে জানানো হয়েছে, সামাজিক ব্যবসায় মানুষের প্রয়োজন বিবেচনা করে সমাধান খুঁজে বের করা হয়। এই সমাধান হয় লোকসানহীন ও অলাভজনক ব্যবসার মাধ্যমে।পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক সহায়তায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশে সামাজিক ব্যবসার উদাহরণ হিসেবে গ্রামীণ-ডানোনের উদ্যোগে পুষ্টিকর খাদ্য ও পানীয় উৎপাদন, গ্রামীণের হাসপাতাল, নার্সদের প্রশিক্ষণ, গ্রামীণ গ্রিন চিলড্রেন চক্ষু হাসপাতালসহ বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। এ অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল এবিসি রেডিও। বক্তারা বলেন, মানুষের ক্ষুধা, রোগ, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও বাসস্থানের অভাবের মতো সমস্যাগুলো সামাজিক ব্যবসার মাধ্যমে দূর করা সম্ভব। তাই দরিদ্র মানুষের উপকার করার সামাজিক উদ্দেশ্য সামনে রেখে মানবতা ও সেবার মনোভাব নিয়ে সামাজিক ব্যবসায় এগিয়ে আসা প্রয়োজন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএএসএফ-গ্রামীণের প্রধান নির্বাহী কর্মকর্তা সারিয়া সাদিক, গ্রামীণ-ডানোন ফুডস লিমিটেডের নির্বাহী পরিচালক কোরিন বাজিনা, গ্লাসগো ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিংয়ের অধ্যক্ষ বারবারা পারফিট, গ্রামীণ ইনটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আই হক, আইইএস অ্যালায়েন্সের ব্যবস্থাপনা পরিচালক শহীদ আহমেদ, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি এক্সটেনশনের পরিচালক জোনাথন শো, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিচালক জারিনা হোসেন, করপোরেট আইডেনটিটি ডিজাইনার হিরোমি ইনায়োশি, এ্যাইসেক বাংলাদেশের চেয়ার রুবায়েত খান প্রমুখ।