জনগণের সুবিধার্থে হরতাল প্রত্যাহারের আহ্বান এফবিসিসিআইয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের ধারা সমুন্নত রাখতে এবং পবিত্র ঈদ নির্বিঘ্নে উদযাপন ও জনগণের যাতায়াতের সুবিধার্থে ঈদের পর হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। আজ রোববার এফবিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

গত বৃহস্পতিবার একটি রিটের পরিপ্রেক্ষিতে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেওয়া রায় প্রত্যাখ্যান করে ১২ ও ১৩ আগস্ট (সোম ও মঙ্গলবার) লাগাতার ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেয় জামায়াতে ইসলামী। এরই মধ্যে রায়ের স্থগিতাদেশ চেয়ে আপিল করেছে জামায়াত।

এফবিসিসিআইয়ের মহাসচিব মীর শাহাবুদ্দিন মোহাম্মদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এক মাস পবিত্র সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসলমান ও দেশের জনগণ অত্যন্ত আনন্দঘন ও নির্বিঘ্ন পরিবেশে ঈদ উদযাপন করবে। এ উপলক্ষে অধিকাংশ মানুষ ঢাকার বাইরে নিজ নিজ গ্রামে নিকটজনদের সঙ্গে ঈদ উদযাপনের জন্য এরই মধ্যে ঢাকা ত্যাগ করতে শুরু করেছেন। ঈদের পর তাঁরা পরিবারসহ ঢাকায় ফিরবেন। কিন্তু ১২ ও ১৩ আগস্ট ৪৮ ঘণ্টা হরতাল সবাইকে শঙ্কিত ও আতঙ্কিত করে তুলছে।

এতে আরও বলা হয়, ঈদের পর এই হরতালের কারণে ব্যবসা-বাণিজ্য ও শিল্পকারখানা চালু রাখা, কর্মজীবীদের কর্মস্থলে যোগদান, শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যক্রম ও ছাত্র-ছাত্রীদের পড়াশোনা স্বাভাবিক রাখা এবং আপামর জনগণের স্বাভাবিক চলাচল অনিশ্চিত করে তুলবে। পরিবহন-ব্যবস্থায় ও আমদানি-রপ্তানি কার্যক্রমেও বিঘ্ন ঘটবে। 

তাই দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের বৃহত্তর স্বার্থে ১২ ও ১৩ আগস্টের হরতাল প্রত্যাহারের জন্য জামায়াতে ইসলামীর প্রতি আহ্বান জানায় ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন।

একই সঙ্গে সংঘর্ষ ও সংঘাতের রাজনীতি পরিহার করে সংযম ও সমঝোতার মাধ্যমে বিদ্যমান যাবতীয় রাজনৈতিক সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে এফবিসিসিআই।