জনগণের স্বার্থে যেকোনো চুক্তি করে যাব: কাদের
তিস্তার পানি বণ্টন চুক্তি কিছু সময়ের অপেক্ষা বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের জনগণের স্বার্থে যেকোনো চুক্তি করে যাব। এটা কে কী মনে করল, তাতে কিছু যায় আসে না।’
গতকাল রোববার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। ১৭ এপ্রিল মুজিবনগর সরকার দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এ আলোচনা সভার আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, ‘নরেন্দ্র মোদিকে বলব, আমাদের জনগণের কথা ভেবে অবিলম্বে তিস্তাসহ অভিন্ন সব নদীর পানি বণ্টনের যথাযথ উদ্যোগ নেবেন। বাংলাদেশের জনগণের আবেগ, অনুভূতিকে বন্ধু ভারত সরকার মূল্য দেবে, সেটা আমরা আশা করি।’
আওয়ামী লীগ ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে—বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘চুক্তির লাইন বাই লাইন পড়ে দেখুন, আর এখানে কোথায় দেশ বিক্রি হয়েছে? কোথায় দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয়েছে? এর প্রমাণ দেখিয়ে জবাব দিতে হবে, আর যদি তথ্য-উপাত্ত দিয়ে প্রমাণ করতে না পারেন, তাহলে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’ তিনি বলেন, যাঁরা দেশ বিক্রির কথা বলছেন, পাকিস্তানের কাছে তাঁদের বিবেক বিক্রি হয়েছে, তাঁদের অন্তর বিক্রি হয়েছে ইসলামাবাদের কাছে। আওয়ামী লীগের নীতি হচ্ছে—ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে পাওনা আদায় করে নেওয়া। বৈরিতা করে কখনো পাওনা আদায় করা যায় না।
ঈর্ষাকাতর হয়ে বিএনপির প্রলাপ: হানিফ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত যে সম্মান দেখিয়েছে, তাতে ঈর্ষাকাতর হয়ে বিএনপি প্রলাপ বকছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, ‘বিএনপি একদিকে বলছে, কী চুক্তি হয়েছে সেটা দেশবাসীকে জানাতে হবে। আবার বলছে, চুক্তির মাধ্যমে দেশ বিক্রি করা হয়েছে। আপনারা যদি চুক্তি ও সমঝোতার কথা না-ই জানেন, তাহলে বুঝলেন কী করে এর মাধ্যমে দেশের উন্নয়ন হলো না ক্ষতি হলো? আসলে বিএনপি ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মেনে নিতে পারে না।’
গতকাল রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় হানিফ এসব কথা বলেন।