জনগুরুত্বপূর্ণ এলাকায় ধূমপান কমছে না
রংপুর সিটি করপোরেশনের আওতাধীন জনগুরুত্বপূর্ণ এলাকা (পাবলিক প্লেস) ধূমপানমুক্ত ঘোষণা করা হলেও এর কোনো কার্যকারিতা নেই। শহরের জনগুরুত্বপূর্ণ এলাকাগুলোয় ধূমপান কমছে না।
মহানগর দোকান মালিক সমিতির মহাসচিব রেজাউল ইসলাম বলেন, ‘জনগুরুত্বপূর্ণ স্থানে হামেশা ধূমপান চলছে৷ এ ব্যাপারে কিছু বললে বরং ধূমপায়ীরাই উল্টা তেড়ে আসে। এ নিয়ে আমরা মানববন্ধন করেছি। কিন্তু কাজ হচ্ছে না৷’
এ ব্যাপারে রংপুর জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ বলেন, সম্প্রতি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ধূমপানবিষয়ক সাইনবোর্ড ও বিলবোর্ড অপসারণ এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷ এ ছাড়া চারজন ধূমপায়ীকে ৩০০ টাকা করে জরিমানা করা হয়৷ শিগগিরই আবার অভিযান চালানো হবে৷ এ প্রক্রিয়া অব্যাহত থাকবে৷
সিভিল সার্জন মোজাম্মেল হক বলেন, এ ব্যাপারে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো দরকার৷ কিন্তু বাস্তবে তা আর করা হয়নি।
সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ বলেন, স্বাস্থ্যসম্মত নগর গড়ে তুলতে জনসমাগম এলাকা ধূমপানমুক্ত করতে সচেতনামূলক কাজ করা হয়েছে। কিন্তু কাজের ধারাবাহিকতা হয়তো বা রক্ষা করা সম্ভব হয় না। স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে জনগণের সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন৷
চলতি বছরের ২১ জানুয়ারি সিটি করপোরেশনের সভাকক্ষে জনসমাগম ও গণপরিবহনে ধূমপানমুক্ত ঘোষণা করা হয়। রংপুর সিটি করপোরেশন ও বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্টের (এসিডি))যৌথ উদ্যোগে ওই সভা অনুষ্ঠিত হয়। কিন্তু ওই সভার পর কার্যত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
তবে তামাক নিয়ন্ত্রণ কোয়ালিশনের ফোকাল পারসন সুশান্ত ভৌমিক প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে জনসচেতনামূলক কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে। সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা করলে এই অভিযানের সুফল বয়ে আনা যেত। কিন্তু তা আর হয়ে ওঠেনি।