
উন্নয়নের গতি ত্বরান্বিত করতে দেশের বিপুল জনগোষ্ঠীকে মানবপুঁজিতে পরিণত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। খবর বাসসের।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে শেখ হাসিনা বলেন, জনগোষ্ঠীকে মানবপুঁজিতে পরিণত করার উপায় হলো উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া। তারা সম্পদে পরিণত হলে দেশের উন্নয়নের গতি জোরদার হবে। তিনি আরও বলেন, সাক্ষরতা কর্মসূচির তাৎপর্য হলো সবার চোখ খুলে দেওয়া। অক্ষরজ্ঞান মানুষের অন্তর্দৃষ্টি খুলে দেয়। মূল্যবোধ সৃষ্টিতে সহায়তা করে। সর্বোপরি, চেতনার উন্মেষ ঘটায়।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা ১৯৭২ সালে কুদরাত-এ-খুদা শিক্ষা কমিশন গঠন করেন। কমিশনের সুপারিশ অনুযায়ী তিনি ৩৬ হাজার ১৬৫টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ এবং ১ লাখ ৫৭ হাজার ৭২৪ জন শিক্ষকের পদ সরকারীকরণ করেন। তবে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার পর শিক্ষা কমিশনের অন্য সুপারিশগুলো আর বাস্তবায়িত হয়নি। শিক্ষাঙ্গনে নেমে আসে চরম নৈরাজ্য।
শেখ হাসিনা বলেন, ‘দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় আসার পর আমাদের গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফলে সাক্ষরতার হার বেড়ে দাঁড়ায় ৬৫ শতাংশে। এর স্বীকৃতিস্বরূপ ১৯৯৮ সালে বাংলাদেশ ইউনেসকো সাক্ষরতা পুরস্কার লাভ করে।’
প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার পর বিশ্বব্যাংক উপানুষ্ঠানিক শিক্ষা প্রকল্পে সাড়ে বারো শ কোটি টাকা দেয়। ব্যাপক দুর্নীতির কারণে শেষ পর্যন্ত প্রকল্পটি বন্ধ হয়ে যায়। ২০০৯ সালে তাঁর সরকার ক্ষমতায় আসার পর আবার তা চালু করে। ফলে বর্তমানে সাক্ষরতার হার বেড়ে ৭১ শতাংশে দাঁড়িয়েছে।
শেখ হাসিনা বলেন, ‘প্রতিবছরের মতো এবারও বছরের শুরুতে শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে ৩২ কোটি ৬৩ লাখ ৪৭ হাজার ৯২৩টি নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। পাশাপাশি প্রাথমিক পর্যায়ে ছাত্রছাত্রীদের ঝরে পড়ার কারণগুলো চিহ্নিত করেছি। এই ঝরে পড়া রোধে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপবৃত্তি চালু করা হচ্ছে। শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল চালু এবং সব ক্ষেত্রে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা হয়েছে। আশির দশকে ঝরে পড়ার হার ছিল ৮০ শতাংশ। আমরা তা ২০ দশমিক ৯ শতাংশে নামিয়ে এনেছি।’
এলাকাভিত্তিক বিদ্যালয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয় সংস্কার ও উন্নয়নের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেন। শিশুরা যাতে তাদের নিজ নিজ এলাকার বিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন তিনি। প্রধানমন্ত্রী পার্বত্য ও চর এলাকার বিদ্যালয়গুলোতে আবাসিক সুবিধা নিশ্চিত করার পরামর্শ দেন। পরে তিনি ছাত্রছাত্রীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। বক্তব্য দেন ইউনেসকো ঢাকা অফিসের প্রধান বিয়াত্রিস কালদান। সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মেজবাউল আলম।