জনজীবন ব্যাহত বিপাকে পর্যটকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনের টানা বর্ষণে সিলেটের গোয়াইনঘাট উপজেলার আধাপাকা ও কাঁচা রাস্তাগুলো একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এখানকার রাতারগুল ও জাফলংয়ে আসা পর্যটক, বিদ্যালয়র শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা পড়েছে বিপাকে।উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের চালিতাবাড়ী, জলুরমুখ ও ফতেহপুর ইউনিয়নের রাতারগুলে বন বিভাগের নতুন তৈরি করা পিকনিক স্পটগুলো গতকাল বৃহস্পতিবার ঘুরে পর্যটক ও সাধারণ মানুষের ভোগান্তির চিত্র দেখা যায়। সকালে উপজেলার আবাদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিজে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে দেখা গেল। তাদের বই, পোশাক তো ভেজাই, হাঁটু পর্যন্ত ছিল কাদামাখা। তৃতীয় শ্রেণীর ছাত্রী জয়নব বেগম বলে, ‘খালো পানি বাড়িছে। এল্লাগি হাতরিয়া (সাঁতরিয়ে) আইছি।’ এদিকে যারা রাতারগুল বন বিটে বেড়াতে এসেছে, তারাও ভোগান্তির শিকার হচ্ছে। ছাতক থেকে সাত-আটজনের একটি দল এসেছিল বেড়াতে। তাদেরই একজন প্রবাল দেবনাথ বললেন, ‘রাতারগুল তো দ্বিতীয় সুন্দরবন। তবে রাস্তার কষ্ট মারাত্মক। আমাদের সিএনজি কাদায় আটকে যাওয়ায় সাংঘাতিক দুর্ভোগের শিকার হয়েছি। কীভাবে ফিরব বুঝতে পারছি না।’উপজেলার অরেক পর্যটনকেন্দ্র জাফলংয়ে যেতেও দুর্ভোগ পোহাতে হচ্ছে পর্যটকদের। সাধারণত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত জাফলংয়ে পর্যটকদের ভিড় থাকে বেশি। কিন্তু বিরূপ আবহাওয়া আর জাফলংয়ের প্রবেশমুখে পাঁচ কিলোমিটার বেহাল হয়ে যাওয়া রাস্তায় পর্যটকদের নাস্তানাবুদ হতে হচ্ছে। এদিকে টানা বর্ষণে জাফলংয়ের পিয়াইন নদে পানি বাড়ায় পাথর তোলা কমে গেছে। পর্যটক না থাকায় হোটেল-রেস্তোরাঁয় ব্যবসাও ভালো যাচ্ছে না। এতে অনেক শ্রমিক কার্যত বেকার হয়ে পড়েছেন। স্থানীয় মামার বাজারের ‘ক্ষুধা’ নামক একটি রেস্তোরাঁর মালিক সফিকুল ইসলাম বলেন, একে তো অনবরত বৃষ্টি, তার ওপর অত্যন্ত খারাপ রাস্তা। তাই পর্যটকরা আসছেই না কিংবা এসেই ফিরে যাচ্ছে।