নিরুত্তাপ ছিল দেশের চারটি জেলার ছয় উপজেলায় গতকাল মঙ্গলবার বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা হরতাল কর্মসূচি। দল দুটির নেতা-কর্মীরা মাঠে ছিলেন না। ফলে স্বাভাবিক ছিল জনজীবন। যানবাহন চলেছে অন্য দিনের মতোই। গত সোমবার অনুষ্ঠিত উপজেলা পরিষদের পঞ্চম দফার নির্বাচনে কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই, ভোট কারচুপি, সন্ত্রাস ও এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়াসহ নানা অভিযোগে এ হরতাল ডাকা হয়েছিল।
ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সাতক্ষীরা: সাতক্ষীরা সদর, তালা ও দেবহাটা উপজেলায় জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে কোনো প্রভাব পড়েনি। মাঠে ছিলেন না দলটির নেতা-কর্মীরা। তিনটি উপজেলাতেই সব ধরনের যান চলাচল ছিল স্বাভাবিক। দোকানপাট ও স্কুল-কলেজ ছিল খোলা। চালু ছিল ভোমরা স্থলবন্দরও। জেলা জামায়াতের প্রচার সম্পাদক আজিজুর রহমান বলেন, পরিস্থিতিগত কারণে তাঁদের নেতা-কর্মীরা মাঠে নেই।
সিরাজগঞ্জ: জেলার শাহজাদপুরে আধা বেলা হরতাল ডেকেছিল বিএনপি। মাঠে নেতা-কর্মীরা না থাকায় নিরুত্তাপ ছিল এ কর্মসূচি। জনজীবন ছিল প্রায় স্বাভাবিক।
ফেনী: ছাগলনাইয়ায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছিল বিএনপি। স্থানীয় সূত্রগুলো জানায়, সকাল থেকেই উপজেলায় সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। হরতালের সমর্থনে কোথাও মিছিল-সমাবেশ বা পিকেটিং দেখা যায়নি।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া): বিএনপির ডাকা আধা বেলা হরতালে কসবার প্রধান প্রধান সড়কে ছিল পুলিশ, বিজিবি ও র্যাবের সতর্ক অবস্থান। যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। খোলা ছিল অফিস-আদালত ও দোকানপাট। হরতালের সমর্থনে কোথাও মিছিল বা পিকেটিং হয়নি।