লাগাতার অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে বিভিন্ন জেলার উদ্দেশে লোকাল বাস ছেড়ে গেছে। প্রায় স্বাভাবিক ছিল পণ্যবাহী ট্রাক-কাভার্ড ভ্যানের চলাচল। মহাসড়কে পুলিশি নিরাপত্তাব্যবস্থা থাকলেও শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস চলেনি।
নগরে মানুষের জীবনযাত্রায় অবরোধের কোনো প্রভাব ছিল না। যান চলাচল স্বাভাবিক ছিল। খোলা ছিল দোকানপাটসহ বিপণিবিতান। শিক্ষাপ্রতিষ্ঠানও খোলা ছিল। অবরোধের সমর্থনে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের নেতা-কর্মীদের কোনো তৎপরতা দেখা যায়নি। সীমিতসংখ্যক দূরপাল্লার বাস চলাচল করায় যাত্রীদের মূল চাপ ছিল ট্রেনে। বিভিন্ন গন্তব্যের উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে যাওয়া ট্রেনে যাত্রীদের ভিড় দেখা গেছে।
চট্টগ্রাম নগরের অলংকার মোড় থেকে রাজধানী ঢাকাসহ উত্তর-দক্ষিণ বঙ্গ এবং বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীগামী বাস ছেড়ে যায়। সকালে সেখানে গিয়ে দেখা যায়, কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় নেই। বেশির ভাগ কাউন্টারও বন্ধ।
অলংকার মোড়ে গাড়ির জন্য অপেক্ষমাণ যাত্রী শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘ফেনীর মিহপালে যাওয়ার জন্য এসেছি। কিন্তু বিলাসবহুল গাড়ি চলছে না। তাই লোকাল গাড়িতে চড়ে ফেনী যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
চট্টগ্রাম-কক্সবাজার এবং চট্টগ্রাম-বান্দরবান রুটেও লোকাল বাস চলেছে। এ দুটি রুটেও শীতাতপনিয়ন্ত্রিত ও বিলাসবহুল বাস চলেনি।
চট্টগ্রাম নগর পুিলশের অতিরিক্ত উপকমিশনার এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, ‘বুধবারের তুলনায় মহাসড়কে যাত্রীবাহী বাসের সংখ্যা কিছুটা বেড়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও অলংকার মোড়ে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ভীতি কেটে গেলে ধীরে ধীরে গাড়ি চলাচলের সংখ্যা বাড়তে থাকবে।’
পরিবহনমালিক ও শ্রমিকেরা জানিয়েছেন, অবরোধে মহাসড়কে বাসের তুলনায় ট্রাক ও কাভার্ড ভ্যান বেশি চলছে। চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য আনা-নেওয়ার কাজেও তেমন সমস্যা হচ্ছে। আমদানি-রপ্তানিপণ্য নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য হাইওয়ে পুলিশও সহযোগিতা করছে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, বিভিন্ন ট্রেনে স্ট্যান্ডিং টিকিটের (দাঁড়িয়ে যাওয়ার টিকিট) বিক্রি অনেক বেড়েছে। দূরপাল্লার বাস না চলায় এবং নিরাপত্তার কথা বিবেচনা করে যাত্রীরা স্ট্যান্ডিং টিকিট কিনছেন।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ‘বিশ্ব ইজতেমা এবং অবরোধ কর্মসূচির কারণে টিকিটের চাহিদা বেড়েছে। আমরা সাধ্যমতো যাত্রীদেও সেবা দেওয়ার চেষ্টা করছি।’