জনজীবনের অন্তহীন কাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলন্ত ট্রেনের দুই বগির সংযোগের ওপর বসে আছেন এক নারী। জীবনের তাগিদে ঝুঁকি নিয়ে ছুটে চলার দৃশ্য। আরেকটি ছবিতে বুড়িগঙ্গার দূষিত কালো পানিতে ফেনা তুলে ছুটে চলছে ইঞ্জিননৌকা। যেন মৃত্যুফাঁদে মানুষের বসবাস। অন্য রকম ছবিও আছে, যেমন— কদমফুলের ওপর প্রজাপতি, কাদা জমিতে ঘোড়দৌড়, রাতে রঙিন আলোভরা রাস্তায় রিকশার ছুটে চলা ইত্যাদি। এমন ১০০টি ছবি নিয়ে তিন দিনের প্রদর্শনী শুরু হয়েছে রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রে। গতকাল সোমবার প্রদর্শনীর উদ্বোধন করেন প্রবীণ আলোকচিত্রী আনসারউদ্দিন আহমেদ।প্যানাসনিক সম্প্রতি আয়োজন করেছে দেশের প্রথম আলোকচিত্রবিষয়ক রিয়েলিটি শো ‘লুমিক্স ক্লিক টু ফেইম’। সেই প্রতিযোগিতায় সারা দেশ থেকে অংশ নেওয়া কয়েক হাজার আলোকচিত্রীর তোলা ছয় হাজার ৫০০ আলোকচিত্র থেকে ১০০ জনের ১০০টি ছবি নিয়ে আয়োজন করা হয়েছে এই প্রদর্শনী। চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে সবার জন্য।মানুষের বেঁচে থাকার সংগ্রাম থেকে শুরু করে, সমাজের নানা অসংগতি, ব্যক্তিজীবনের বিশেষ মুহূর্ত, ভালো-মন্দের বিভিন্ন অনুষঙ্গ, প্রাকৃতিক দুর্যোগ, নিসর্গ, জীববৈচিত্র্য, ঐতিহাসিক নিদর্শন, লোকসংস্কৃতির উপাদানসহ বিচিত্র বিষয়ের ছবিতে বৈচিত্র্যময় হয়ে উঠেছে প্রদর্শনী। সব মিলিয়ে শত আলোকচিত্রীর এই চিত্রমালা যেন জনজীবনের এক অন্তহীন কাহিনী। রথীন্দ্রনাথ রায়ের গানভাওয়াইয়া গানের হূদয়ছোঁয়া সুরে শহুরে শ্রোতাদের আকুল করেছিলেন দেশের বিশিষ্ট লোকসংগীতশিল্পী রথীন্দ্রনাথ রায়। গতকাল সন্ধ্যায় ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে ‘প্রাণের খেলা’ নামে তাদের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে রথীন্দ্রনাথ রায়ের একক গানের আয়োজন করা হয়েছিল।দেশের গান ‘মা গো আমার মা জননী’ গানটি দিয়ে তিনি শুরু করেছিলেন সুরের ইন্দ্রজাল ছড়ানোর পালা। এরপর আরেকটি দেশের গান—‘তীরহারা এই ঢেউয়ের সাগর’, ভাষা আন্দোলনের গান—‘তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি’, গণসংগীত—‘আমার দেশ সব মানুষের...’ পরিবেশনের পর তিনি শুরু করেন ভাওয়াইয়ার পর্ব।একে একে ‘পরানের বন্ধু রে’, ‘তুমি আরেকবার আসিয়া, যাও মোরে কান্দাইয়া’, ‘যার অন্তরে বাহিরে কোনো তফাত্ নাই’, ‘বছর ঘুইরা আইলো ফিইরা’, ‘ও কি ও কাজল ভোমরা’র মতো ভাওয়াইয়া গানের বেদনা-বিষাদমাখা সুরে শ্রোতাদের আবেগমুগ্ধ করে রেখেছিলেন রথীন্দ্রনাথ রায়।ছায়ানটের বৈশাখী প্রস্তুতিকাল বুধবার বৈরাগী রাগে এসরাজ বাদনের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাবে ছায়ানট। প্রায় ১৫ মিনিট চলবে এ বাদন। তিন ভাগে সাজানো অনুষ্ঠানে রাগাশ্রয়ী গান, দেশ আর মানবতার গান এবং মাটির সৌরভমাখা লোকসুরের গানের আয়োজন রয়েছে রমনার বটমূলে। থাকবে দেশ ও দশ নিয়ে প্রাসঙ্গিক পাঠ। পৌনে নয়টার মধ্যে অনুষ্ঠানটি শেষ হবে জাতীয় সংগীতের মধ্য দিয়ে। ছায়ানটের এই আয়োজনকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল ছায়ানট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেওয়া হয়। এ সময় জানানো হয় গ্রামীণফোন পুরো অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করছে।ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম, গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস আমান আশরাফ এবং টেলনেটের প্রধান নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।ঘুড়ি উৎসবগ্রামবাংলার যে ছেলেটির শৈশব ছিল ঘুড়িময়, আজ সে শহরের যান্ত্রিকতায় ক্লান্ত। ক্ষণিকের জন্য ঘুড়ি ওড়ানোর সাধ জাগলেও তা পূরণ করা সম্ভব হয় না জায়গার অভাবে। গতকাল শৈশবের সেই সোনালি দিনগুলোতে ফিরে যাওয়ার আয়োজন করেছিল বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে নানা রঙের ঘুড়ি উড়িয়ে আনন্দে মেতে ওঠেন শিক্ষার্থীরা। নবমবারের মতো আয়োজিত এ ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। উদ্বোধনের পরপরই শিক্ষার্থীরা ঘুড়ি নিয়ে সারা মাঠে ছড়িয়ে পড়েন। আকাশে উড়তে থাকে রংবাহারি ঘুড়ি। তার সঙ্গে উপস্থিত মনও যেন পাখা মেলে উড়ছিল আকাশে। উৎসবের ঘুড়ির মধ্যে ছিল শখের গুরু, রামধনু, প্রজাপতি, বেসাতি, অক্টোপাস, ডেলটা, ডিজাইন ডেলটা, গুবরে পোকা, মৌচাক, মিকি মাউস, মেঘবালিকা, ব্যাঙ, সাপ, কাঁকড়া, চিংড়ি ইত্যাদি। ঘুড়িগুলোর বেশির ভাগই ছিল কাপড়ের তৈরি।