জনজীবনের সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের রাজনীতি, অর্থনীতি, কৃষিসহ জনজীবনের সর্বক্ষেত্রে সংকট চলছে। এই সংকট থেকে উত্তরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।  ইউনাইটেড ন্যাশনাল আওয়ামী পার্টি (ঐক্য ন্যাপ) আয়োজিত ‘জনজীবনের সংকট ও উত্তরণের উপায়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেছেন। গতকাল শুক্রবার সকালে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত ওই গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, পবিত্র রমজানে সংযমের বদলে ব্যবসায়ীরা সাধারণ মানুষকে শোষণ করতে নেমে পড়েন। দ্রব্যমূলের ঊর্ধ্বগতি, বিদ্যুত্, পানি, গ্যাস, হরতাল, যানজট ও সহিংসতা দিন দিন বেড়ে চলেছে। ঐক্য ন্যাপের সভাপতি ও অনুষ্ঠানের সভাপতিত্বে পঙ্কজ ভট্টাচার্য বলেন, এখন বিভিন্ন রাষ্ট্রীয় সেবা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের তুষ্ট করতে হয়। এর পাশাপাশি গ্যাস, পানি ও বিদ্যুতের সমস্যা ক্রমাগত বাড়ছে। বাড়িভাড়া বৃদ্ধির কারণে কম আয়ের মানুষের নাভিশ্বাস অবস্থা সৃষ্টি হয়েছে। গোলটেবিল আলোচনায় অর্থনীতিবিদ রমনী মোহন দেবনাথ বলেন, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত মানুষের আয় দ্বিগুণ বাড়লেও দ্রব্যমূল্য বেড়েছে ৩০ গুণ। সমাজতান্ত্রিক অর্থনীতি প্রতিষ্ঠা করতে না পারায় এ-সংকট সৃষ্টি হয়েছে। বিশ্ব শান্তি পরিষদের বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, ব্যবসায়ীদের হাতে শুধু সরকার নয়, সেনাবাহিনী ও সাধারণ মানুষও জিম্মি হয়ে পড়েছে। এ সমস্যা থেকে বের হয়ে আসতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে সক্রিয় হতে হবে। গোলটেবিল আলোচনায় সাহিত্যিক ড. হায়াত্ মামুদ, ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ তারেক, এম এ মতিন, সফর আলী ভূঁইয়া প্রমুখ বক্তব্য দেন। আলোচকেরা পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য ব্যবসায়ী ও সরকারের ওপর চাপ সৃষ্টি করা এবং সহিংসতা ও জঙ্গিবাদ রুখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার পরামর্শ দেন।