জনতা ব্যাংক থেকে সাত লাখ টাকা তুলে নিল প্রতারক
ময়মনসিংহের ফুলপুর উপজেলার তারাকান্দা বাজার জনতা ব্যাংক শাখা থেকে গত রোববার একজন প্রতারক সাত লাখ টাকা নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। ব্যাংক সূত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলার রূপতলী গ্রামের ঠিকানা দিয়ে আসাদ মিয়া নামে এক ব্যক্তি ৮ জানুয়ারি ওই ব্যাংকে একটি চলতি হিসাব খোলে। পরে ওই হিসাব নম্বরে ওই দিনই পাঁচ হাজার টাকা এবং ১৩ জানুয়ারি ১০ হাজার টাকা সে জমা করে। পরে ১৭ জানুয়ারি (৭৩৩২৭৬১) চেকে ১০ হাজার টাকা তোলে। পরে আবার গত রোববার দুটি চেকে (চেক নং ৭৩৩২৭৬২ ও ৭৩৩২৭৬৩) যথাক্রমে পাঁচ হাজার এবং ১০ হাজার টাকা পাস করিয়ে নেয়। (যার টোকেন নম্বর ২৬ ও ২৯)। হিসাবে টাকা কম থাকলেও ব্যাংকের লোকজন ভিড়ের কারণে পরীক্ষা ছাড়াই চেক দুটি পাস করেন। পরে ভিড়ের একপর্যায়ে ওই প্রতারকেরা ওই চেক দুটির পাতা নিয়ে সটকে পড়ে। এবং এক-দুই ঘণ্টার মধ্যে ব্যাংকের সব সিল-স্বাক্ষর জাল করে (৭৩৩২৭৬৫) এবং (৭৩৩২৭৬৬) চেকে যথাক্রমে তিনি লাখ এবং চার লাখ টাকা লিখে নিয়ে আবার ব্যাংকে আসে। পরে ক্যাশে জমা দিয়ে একপর্যায়ে ওই সাত লাখ টাকা তুলে নিয়ে কেটে পড়ে। ব্যাংকের সহকারী কর্মকর্তা (ক্যাশ) শামছুউদ্দিন গতকাল সোমবার প্রথম আলোকে জানান, ‘চেকের সব স্বাক্ষর ও সিল তাত্ক্ষণিকভাবে যাচাই করে টাকা দিয়েছি। কিন্তু এগুলো যে জাল ছিল, তা বঝুতে পারেনি।’ ব্যাংক ব্যবস্থাপক হেলাল উদ্দিন আকন্দ বলেন, রোববার সন্ধ্যায় ক্যাশ মিলিয়ে দেখার সময় প্রতারণার বিষয়টি ধরা পড়ে। ব্যাংকের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হিসাব নম্বরে উল্লেখ করা ঠিকানায় আসাদ নামের কাউকে পাওয়া যায়নি। নমিনির ঠিকানাও ভুয়া ছিল। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেন্দ্র নাথ সরকার বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়নি।