জনতা ব্যাংকের অবক্ষয়ের জন্য পর্ষদ দায়ী: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনতা ব্যাংকের বিদায়ী চেয়ারম্যান আবুল বারকাতকে উদ্দেশ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে তিনি আর পুনর্নিয়োগ পাবেন না। সে জন্য তাঁর দুঃখ থাকলেও থাকতে পারে। পাঁচ বছর রাখা হয়েছে তাঁকে। এটা যথেষ্ট।
অর্থমন্ত্রী আরও বলেছেন, ‘আমরা যখন ক্ষমতায় আসি, তখন সরকারের সবচেয়ে ভালো ব্যাংক ছিল জনতা ব্যাংক। এখন সে অবস্থায় নেই। এই দায়িত্ব পর্ষদকেও নিতে হবে। ব্যাংকটিতে অনেক অবক্ষয় হয়েছে। খেলাপি ঋণের হার বেড়ে গেছে। প্রায় সবকিছুই খারাপ হয়েছে।’
জনতা ব্যাংকের পর্ষদ বিষয়গুলো ভালোভাবে দেখতে না পারায় এমন পরিস্থিতি হয়েছে বলে মনে করেন আবদুল মুহিত। আবার পাঁচ বছরে ব্যাংকটির ব্যবসাও বেড়েছে বলে স্বীকার করেন তিনি।
সচিবালয়ে গতকাল মঙ্গলবার ‘জাতীয় ও আন্তর্জাতিক উদ্যোগ সহায়তা তহবিল’ বিষয়ক আন্তমন্ত্রণালয়ের এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
বৈঠকে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা, অর্থসচিব মাহবুব আহমেদ, সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম উপস্থিত ছিলেন।
সম্প্রতি জনতা ব্যাংকসহ চার ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রম স্থগিত করে দেয় অর্থ মন্ত্রণালয়। অর্থমন্ত্রী কাজটি ঠিক করেননি এবং নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন বলে কয়েক দিন থেকেই সমালোচনা করে আসছিলেন আবুল বারকাত।
গত মঙ্গলবার এক অনুষ্ঠানে আবুল বারকাত অভিযোগ করে বলেন, সুনামগঞ্জে নৌকাবাইচ করার জন্য অর্থমন্ত্রী সিএসআর থেকে অর্থ চেয়ে চিঠি দিয়েছিলেন। বিষয়টি সিএসআরের সঙ্গে যায় না বলে অর্থ দেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে তিনি সিএসআর কার্যক্রম বন্ধ করে দেন।
গতকাল বিষয়টি নিয়ে জানতে চাইলে প্রথমে অর্থমন্ত্রী বলেন, ‘এই মন্তব্যের ওপরে বা এই সংবাদের ব্যাপারে কোনো ধরনের মন্তব্য করতে তাঁর ইচ্ছেই হয় না।’ পরক্ষণেই তিনি বলেন, মন্ত্রণালয়ে অনেক আবেদন আসে, কোনোটা কারও কাছে পাঠান, কোনোটাতে নিজেই কিছু লিখে দেন। তবে সবকিছুরই রেকর্ড থাকে তাঁর।
অর্থমন্ত্রী বলেন, ‘সচরাচর এসব আবেদনে সাড়াও দিই আমি। কিন্তু উনি (বারকাত) যেটা বলেছেন, তা আমার মনেও নেই। আমার অফিস বলছে, এ রকম কোনো রেকর্ড খুঁজে পাওয়া যায়নি। জনতা ব্যাংককে চিঠি লেখার কোনো প্রশ্নই ওঠে না।’
জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে আবুল বারকাতের টার্ম (মেয়াদ) শেষ হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘দেশে আওয়ামী লীগের বহু সমর্থক লোকজন আছেন। তাঁদের মধ্যে “ইন্টেলেকচুয়াল জায়ান্ট” আছেন অনেকেই। তাঁদের আমাদের দেখাশোনা করতে হয়। একজন চেয়ারম্যান অব দ্য বোর্ড যে অনন্তকাল থাকবেন, এ রকম আশা করার কোনো কারণ নেই।’
সিএসআর স্থগিতের কারণ বিষয়ে মুহিত বলেন, জনতা ব্যাংকসহ কিছু ব্যাংকের পর্ষদ সদস্যদের মেয়াদ শেষের পথে। এ সময় অতিরিক্ত অর্থ ব্যয়ের প্রবণতা দেখা গেছে। তাই তাদের সবারই সিএসআর কার্যক্রম স্থগিত করা হয়েছে, জনতা ব্যাংকের একার নয়।
এ ব্যাপারে কোনো অনিয়ম-দুর্নীতি হয়েছে কি না জানতে চাইলে মুহিত বলেন, ‘তা বলব না। তবে সিএসআরের অর্থের আরও ভালো ব্যবহার হতে পারত।’ তদন্ত হবে কি না, প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না। শুধু বেসিক ব্যাংকের ব্যাপারে তদন্ত হবে।’
জনতা ব্যাংক সবচেয়ে বেশি সিএসআরের অর্থ খরচ করে—এটা জানেন কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘জানি না।’