জনতা ব্যাংকের আট কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল-মার্কের ঋণ জালিয়াতির ঘটনায় জনতা ব্যাংকের মতিঝিল স্থানীয় শাখার সম্পৃক্ততা নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জালিয়াতির মাধ্যমে হল-মার্ক গ্রুপ প্রায় দুই হাজার ৭০০ কোটি টাকা আত্মসাৎ করেছে। এর মধ্যে কিছু অর্থ সোনালী ব্যাংকে খোলা এলসি (ঋণপত্র) দেখিয়ে জনতা ব্যাংক থেকেও নিয়েছে হল-মার্ক গ্রুপ। মৌখিক আশ্বাসে নথিপত্র যাচাই না করেই সোনালী ব্যাংকের নিশ্চয়তা পেয়ে হল-মার্ককে ঋণ দেয় জনতা ব্যাংকের বিভিন্ন শাখা।গতকাল রোববার বেলা তিনটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত এ নিয়ে জনতা ব্যাংকের আটজন কর্মকর্তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে দুদকের তদন্ত দল। জিজ্ঞাসাবাদে হাজির ছিলেন জনতা ব্যাংকের স্থানীয় শাখার মহাব্যবস্থাপক আমিনুল ইসলাম, উপ-মহাব্যবস্থাপক জয়নাল আবেদীন, সহকারী মহাব্যবস্থাপক রুহুল আমিন খান, ব্যবস্থাপক (রপ্তানি) আলাউদ্দিন আকন্দ, ওই শাখারই আবদুল গফুর, এলিফ্যান্ট রোড শাখার আবুল কালাম আজাদ এবং শাহবাগ শাখার শোয়েবুল কবির। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, জিজ্ঞাসাবাদের সময় জনতা ব্যাংকের কর্মকর্তাদের সামনে এলসির কাগজপত্র উপস্থাপন করা হয় এবং এতে তাঁদের করা সইগুলো সঠিক কি না, তা জিজ্ঞাসা করা হয়। এতে তাঁরা ‘সই করেছেন মর্মে’ লিখিত স্বীকারোক্তি দেন।