জনতা ব্যাংকের পরীক্ষা নিয়ে অনিশ্চয়তায় প্রার্থীরা
রাজনৈতিক অস্থিরতা ও ২০-দলীয় জোটের চলমান অবরোধ কর্মসূচির কারণে আগামীকাল শুক্রবার রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার পদের নিয়োগ পরীক্ষা নিয়ে বিপাকে পড়েছেন প্রার্থীরা।
নির্ধারিত সময়ে পরীক্ষাটি হবে কি না, তা নিয়ে প্রার্থীরা অনিশ্চয়তায় ভুগছেন। পরীক্ষা হলে রাজনৈতিক অস্থিরতা ও অবরোধের মধ্যে এতে সুষ্ঠুভাবে অংশ নেওয়ার যাবে কি না, এ নিয়ে উদ্বিগ্ন প্রার্থীরা।
প্রার্থীদের মধ্যে বিভ্রান্তি ও উৎকণ্ঠা থাকলেও জনতা ব্যাংক কর্তৃপক্ষ জানায়, পূর্বনির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী আগামীকাল পরীক্ষাটি হবে।
ঢাকার বাইরের বেশ কয়েকজন প্রার্থী প্রথম আলোকে বলেন, অবরোধের কারণে দূরপাল্লার বাসগুলো চলছে না। কিছু বাস চললেও রাজনৈতিক সহিংসতার শিকার হওয়ার ঝুঁকি আছে।
ময়মনসিংহের মাসুম বিল্লাহ জানান, অবরোধের কারণে তিনি নিশ্চিত হতে পারছেন না যে, জনতা ব্যাংকের ওই পরীক্ষা হবে কি না। রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই পরীক্ষায় অংশ নিতে তাঁকে দুর্ভোগ পোহাতে হবে।
রংপুর থেকে ফেরদৌসি বেগম নামের এক প্রার্থী বলেন, ‘দেশের এ পরিস্থিতিতে আমি কীভাবে ঢাকায় গিয়ে পরীক্ষায় অংশ নেব বুঝতে পারছি না। তবে আজকের মধ্যে অবস্থার উন্নতি না হলে হয়তো পরীক্ষায় অংশ নেওয়া হবে না।’
ফেরদৌসির ভাষ্য, ‘এমনিতে এসব ব্যাংকে খুব বেশি নিয়োগ হয় না। কাজেই এই পরীক্ষাটি দেওয়ার সুযোগ না পেলে তা হবে আমাদের জন্য চরম দুর্ভাগ্য।’
এ বিষয়ে জানতে চাইলে জনতা ব্যাংকের মানবসম্পদ উন্নয়ন বিভাগের উপমহাব্যবস্থাপক মো. জিকরুল হক প্রথম আলোকে বলেন, পরীক্ষা অবশ্যই হবে।
ব্যাংক কর্তৃপক্ষের ভাষ্য, একটি পরীক্ষা আয়োজন করতে অনেক পরিকল্পনা করতে হয়। এই অবস্থায় পরীক্ষা পিছিয়ে দিলে তা আবার আয়োজন করতে আরও অন্তত তিন মাস লেগে যাবে।
জনতা ব্যাংক কর্তৃপক্ষ জানায়, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার পদে নিয়োগে ঢাকার ৫৮টি কেন্দ্রে আগামীকাল সকাল নয়টায় পরীক্ষা শুরু হবে। তিন ঘণ্টা ধরে পরীক্ষা চলবে। ১৫৪টি পদের বিপরীতে আবেদন করেছেন এক লাখ ১৬ হাজার ৫০০ জন প্রার্থী।