জনতা ব্যাংকের পাঁচ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনতা ব্যাংক থেকে এলসির (ঋণপত্র) মাধ্যমে প্রায় ২৫১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় ব্যাংকটির সাবেক ও বর্তমান পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
যাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁরা হলেন জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) মো. নজরুল ইসলাম, মো. নাজিম উদ্দিন, উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মনিরুজ্জামান, সাবেক জিএম মো. নুরুজ্জামান ও দাউদ আহমেদ শিকদার।
দুদক সূত্র জানায়, জনতা ব্যাংক থেকে ২৫১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি মামলা করে দুদক। মামলায় আসামি করা হয়, জনতা ব্যাংকের সাবেক ডিজিএম (বর্তমানে শাহজালাল ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক) মনজেরুল ইসলাম, সাবেক এজিএম শামীম আহমেদ খান, লোকাল অফিসের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. মশিউর রহমান, সাবেক ব্যবস্থাপক এ এস এম জহিরুল ও মেসার্স ঢাকা ট্রেডিং হাউসের মালিক মো. টিপু সুলতানকে।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে জনতা ব্যাংকের মতিঝিলের স্থানীয় অফিসে ঢাকা ট্রেডিং হাউজিং লিমিটেডের নামে আমদানি-রপ্তানির এলসি খুলেও মালামাল আমদানি করেনি। তাঁরা টাকা স্থানান্তর করে ২৫০ কোটি ৯৬ লাখ টাকা আত্মসাৎ করেছেন। ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে আসামিরা ওই অর্থ উত্তোলন করে আত্মসাৎ করেন।