জনতা ব্যাংকের সাবেক পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে আনন্দ শিপইয়ার্ডের প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনা অনুসন্ধানের অংশ হিসেবে জনতা ব্যাংকের সাবেক পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি দল তাঁদের জিজ্ঞাসাবাদ করছে।
গত ২৯ জানুয়ারি তাঁদের তলব করে ব্যাংকটির নোটিশ পাঠানো হয়।
আজ যাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাঁরা হলেন ব্যাংকটির স্থানীয় শাখার সাবেক ফার্স্ট অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার শামসুন্নাহার বেগম ও মো. এনামুল হক, সাবেক এজিএম মো. আফজাল হোসেন, সাবেক ডিজিএম মো. নজরুল ইসলাম, সাবেক জিএম মো. নুরুজ্জামান।
একই বিষয়ে ৮ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদ করা হবে ব্যাংকটির স্থানীয় শাখার সাবেক ফার্স্ট অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার মো. মুশফিকুর রহমান ও এম এ মতিন, সাবেক অ্যাসিসট্যান্ট এক্সিকিউটিভ অফিসার ইসরাফিল সিকদার, সাবেক ম্যানেজার মো. মাহফুজুর রহমান, সাবেক এজিএম পুর্ণেন্দু কুমার রায়, সাবেক এজিএম সাগর আহমেদকে।
দুদক সূত্রের ভাষ্য, আনন্দ শিপইয়ার্ডকে জনতা ব্যাংকের স্থানীয় শাখা থেকে ২৩৮ কোটি আট লাখ টাকা ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকটির এসব কর্মকর্তার প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা বা কোনো না কোনোভাবে দায়-দায়িত্ব ছিল। এ কারণে বক্তব্য জানতে তাঁদের তলব করা হয়েছে।
সূত্রটির তথ্যমতে, জাহাজ রপ্তানির নামে ঋণ জালিয়াতির মাধ্যমে আনন্দ শিপইয়ার্ড দেশের ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। জাহাজ নির্মাণের পূর্ব অভিজ্ঞতা না থাকলেও পর্যাপ্ত জামানত ছাড়া এসব ঋণ দেওয়া হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে এসব জাল-জালিয়াতির তথ্য বেরিয়ে আসে।
এ বিষয়ে অভিযোগ আমলে নিয়ে ২০১৪ সালের এপ্রিল মাসে অনুসন্ধান শুরু করে দুদক। সংস্থাটির উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি দল বিষয়টির অনুসন্ধান করছে।